সোমবার ৩ আগস্ট ২০২৬
মাঝ আকাশে মুখোমুখি ধাক্কা দুই কপ্টারের!
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১১:০০ এএম   (ভিজিট : ১৬)
দাবানল নেভাতে গিয়ে ভয়ংকর দুর্ঘটনা গ্রিসে। মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ হল দুই হেলিকপ্টারের। এই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই ক্রু সদস্যের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন পাইলট। রবিবার দুর্ঘটনাটি ঘটে গ্রিসের রাজধানী এথেন্সের পশ্চিমে অবস্থিত শহর পসাথাসে। মর্মান্তিক সেই দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

গত এক সপ্তাহ ধরে ভয়ংকর আগুনে জ্বলছে গ্রিসের জঙ্গল। আগুন নেভাতে হেলিকপ্টারে করে উপর থেকে জল ঢালার কাজ করছে প্রশাসন। সেই কাজ চালাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে দুটি বেল হেলিকপ্টার। জানা যাচ্ছে, রবিবার আগুন নেভানোর সময় দুটি কপ্টার কোনওভাবে একে অপরের কাছাকাছি চলে আসে। এই পরিস্থিতিতে একটি কপ্টারের প্রোপেলারের সঙ্গে ধাক্কা লাগে দ্বিতীয় কপ্টারটির। ব্যাপক সংঘর্ষের সঙ্গে আগুন ধরে যায় কপ্টারটিতে। সঙ্গে সঙ্গে মাটিতে আছড়ে পড়ে সেটি। দ্বিতীয় কপ্টারটি ক্ষতিগ্রস্ত হলেও সেটি ফিরে আসতে সক্ষম হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত কপ্টারে থাকা দুই জন ক্রুসদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত পাইলট। অনুমান করা হচ্ছে, ব্যাপক হাওয়ার দাপটে কাছাকাছি চলে আসে কপ্টারদুটি। যার জেরেই এই দুর্ঘটনা।

এদিকে সময় যত গড়াচ্ছে ততই বিধ্বংসী আকার নিচ্ছে গ্রিসের দাবানল। গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস সকলকে সতর্ক করে জানিয়েছেন, আগামী দিনগুলো অত্যন্ত গুরুতর হতে চলেছে। তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘গ্রিস বর্তমানে চরম আবহাওয়ার কবলে পড়েছে। বহু জায়গায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত। ব্যাপক হাওয়ায় জেরে অগ্নিনির্বাপক বিমানও নিরাপদে কাজ করতে পারছে না।’

রাজধানী এথেন্স থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে জনপ্রিয় উপকূলীয় গ্রাম পোর্তো জেরমেনোর আশেপাশের এলাকায় আগুনের প্রকোপ সবচেয়ে বেশি। প্রায় ৫০০ দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছেন। এই অঞ্চলের ১০,০০০ হেক্টরেরও বেশি জঙ্গল পুড়ে গিয়েছে। আগুন নেভাতে গিয়ে এখনও পর্যন্ত ৩ জন দমকর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

আজকালের খবর/এমকে











Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft