শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব, নৈতিক সাংবাদিকতায় আপস নয়
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১১:৪২ পিএম   (ভিজিট : ২২৪)
গাজীপুরে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নৈতিক সাংবাদিকতা চর্চায় উদ্বুদ্ধ করতে ‘মৌলিক সাংবাদিকতা ও নৈতিকতা’  শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 রবিবার ( ২ আগস্ট)  গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রায় ৮০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন এ কর্মশালার আয়োজন করে। 

এতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মো. কামাল উদ্দিন সবুজ, বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী,  জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঞা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো: শহিদুল ইসলাম অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও   জাতীয় ও স্হানীয়  পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং পেশাগত নানা দিকনির্দেশনা তুলে ধরে বক্তব্য দেন । এ সময় তারা অংশগ্রহণকারী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

অনুষ্ঠানে প্রথম পরিচয় পর্বে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া। পরে মূল আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। সঞ্চালনা করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঞা ও গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ণ) তানিয়া তাবাসসুম।

অনুষ্ঠানের একটি বিশেষ উল্লেখযোগ্য দিক ছিল, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়াকে জাতীয় প্রেসক্লাবের ‘সহযোগী সদস্যপদ’ প্রদান। আলোচনার শুরুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতির ঘোষণা দেন এবং অন্য অতিথিদের সাথে নিয়ে তার হাতে সনদ তুলে দেন। এই সম্মাননা গ্রহণ করে আবেগাপ্লুত জেলা প্রশাসক বলেন, সাংবাদিক সমাজের এই ভালোবাসা ও স্বীকৃতি তাকে জনকল্যাণে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা যোগাবে। তিনি বিশেষ করে শিশু অধিকার রক্ষা ও সামাজিক সচেতনতা সৃষ্টিতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় সাংবাদিকতার মৌলিক নীতিমালা, তথ্য যাচাই (Fact-check) এবং নৈতিক প্রতিবেদন তৈরির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সিনিয়র সাংবাদিকরা বলেন, সত্যনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতাই সমাজকে সঠিক পথে পরিচালিত করে এবং জনগণের আস্থা অটুট রাখে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে দেবাশীষ রঞ্জন সরকার শিশু সুরক্ষা, শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা এবং অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাহরিয়ার নজির 'ভালো কাজের ভালো মানুষ'  নিয়ে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন। 

ক্ষমতাবানদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী সাংবাদিকতার মূল আদর্শ তুলে ধরে বলেন, রাষ্ট্র ও ক্ষমতাবানদের প্রশ্ন করা এবং তাদের জবাবদিহিতার আওতায় আনাই হলো সাংবাদিকতার প্রধান কাজ। তিনি বিগত সময়ের ‘দালাল সাংবাদিকতা’ ও ‘তৈলমর্দনের’ সংস্কৃতির তীব্র সমালোচনা করে বলেন, এসব অপতৎপরতা শেখ হাসিনাকে স্বৈরাচার থেকে ‘মহাস্বৈরাচার এ পরিণত করেছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণমাধ্যমের পরাজয় মানেই জনগণের পরাজয় এবং রাষ্ট্রের পরাজয়। তাই কোনো অপশক্তির কাছে সাংবাদিকতাকে পরাজিত হতে দেয়া যাবে না। যারা ১৬ বছর ফ্যাসিবাদের পক্ষে দালালি করেছেন তাদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যাবস্হা নেয়ার কথাও বলেছেন। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়ার ব্যক্তিগত উদ্যোগে শুরু করা সামাজিক কর্মসূচী ‘ভালো কাজের ভালো মানুষ’ উদ্যোগের অংশ হিসেবে গাজীপুরের তিনটি নিঃস্বার্থ সামাজিক ও মানবিক কার্যক্রম নিয়ে নির্মিত তিনটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করেন। এসব উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং ভালো কাজের স্বীকৃতি দেয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, দায়িত্বশীল, মানবিক ও নৈতিক সাংবাদিকতা বিকাশের পাশাপাশি শিশু অধিকার সুরক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের সক্ষমতা আরও জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft