রবিবার ২ আগস্ট ২০২৬
সরকারের সমালোচনা করা অপরাধ নয়, অপরাধ রাষ্ট্রের বিরুদ্ধে বলা : তথ্যমন্ত্রী
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ২:২৮ পিএম   (ভিজিট : ৪)
সরকারের সমালোচনা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন। 

রবিবার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সভ্যতার ইতিহাসে সাংবাদিকতা এমন এক অবস্থানে পৌঁছেছে যে কাগজে-কলমে রাষ্ট্রের অঙ্গ না হলেও এটি রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতার কাজ শুধু তথ্য সংগ্রহ বা সত্য অনুসন্ধান নয়; সেই সত্যকে জনকল্যাণের দিকে পরিচালিত করাও গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামনে নির্দিষ্ট লক্ষ্য থাকলে বস্তুনিষ্ঠতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। কারণ, উদ্ঘাটিত সত্য যখন ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা পূর্বনির্ধারিত লক্ষ্যকে চ্যালেঞ্জ জানায়, তখন সাংবাদিকতাকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়।

তিনি বলেন, আধুনিক শাসনব্যবস্থায় রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ উপকরণ। একজন শাসক রাষ্ট্রীয় ক্ষমতাকে জনকল্যাণে ব্যবহার করবেন, নাকি নিপীড়নের হাতিয়ার হিসেবে কাজে লাগাবেন, তা নির্ভর করে তার উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গির ওপর। জবাবদিহি নিশ্চিত না হলে এবং সেটি সংশ্লিষ্ট সবার কাছে স্পষ্ট না থাকলে রাষ্ট্র পরিচালনা দিকনির্দেশনাহীন হয়ে পড়ে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এ ছাড়া মুখ্য আলোচক ছিলেন নিউ এজের সম্পাদক নুরুল কবীর। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুব রহমান। এ ছাড়া বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft