রবিবার ২ আগস্ট ২০২৬
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করলো যুক্তরাষ্ট্র
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৮:৫১ এএম   (ভিজিট : ১৩)
আগামী ৩ আগস্ট থেকে বাংলাদেশিসহ ৫০টি দেশের পর্যটক ও ব্যবসায়ীদের মার্কিন ভিসার জন্য ২০ হাজার ডলার পর্যন্ত জামানত দিতে হবে। এই ব্যবস্থার আওতায় দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে ব্যবসা বা পর্যটন ভিসার আবেদনের সময় ২০ হাজার ডলার পর্যন্ত অর্থ জমা দিতে হতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই পদক্ষেপের ঘোষণা দিয়েছে। ৩ আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া এই জামানত বি১ ও বি২ ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ভিসা প্রদানের শর্ত হিসেবে জামানত জমা দেওয়ার নির্দেশ দেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট দেশে নিযুক্ত কনস্যুলার কর্মকর্তাদের থাকবে।

এই কর্মসূচির আওতাভুক্ত ৫০টি দেশের মধ্যে ৩০টিই আফ্রিকায় অবস্থিত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, নেপাল ও ভুটান। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থেকে যাওয়া বন্ধ করার লক্ষ্যেই এই নীতি প্রণয়ন করা হয়েছে।

২০২৫ সালে চালু হওয়া পরীক্ষামূলক কর্মসূচির ‘সাফল্যের’ পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ স্থায়ী করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। পরীক্ষামূলক কর্মসূচিতে ভিসা বন্ড ব্যবস্থাটি দর্শনার্থীদের ভিসার শর্ত মেনে চলা এবং অনুমোদিত অবস্থানের মেয়াদ শেষ হওয়ার আগেই দেশত্যাগ করতে উৎসাহিত করায় কার্যকর ভূমিকা রেখেছে বলে দাবি কর্তৃপক্ষের। পরীক্ষামূলক কর্মসূচিতে বন্ডের পরিমাণ পাঁচ হাজার থেকে ১৫ হাজার ডলার ছিল। নতুন নিয়মে সর্বনিম্ন ধাপটি বাদ দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ বন্ডের পরিমাণ বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে।

এই ব্যবস্থার সমালোচকদের মতে, ভিসা বন্ডের এই শর্ত বৈধ ভ্রমণকারীদের নিরুৎসাহিত করতে পারে এবং যুক্তরাষ্ট্রে বৈধ প্রবেশের ক্ষেত্রে বাড়তি বাধা সৃষ্টি করতে পারে। অভিবাসন অধিকার কর্মীরা সাম্প্রতিক সময়ে নেওয়া অন্যান্য পদক্ষেপেরও সমালোচনা করেছেন, যার মধ্যে রয়েছে ভিসা সংক্রান্ত ফি বৃদ্ধি এবং আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই-বাছাইয়ের পরিধি বাড়ানো।

আজকালের খবর/কবির







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft