বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:১৯ এএম   (ভিজিট : ১০৯)
নিউ ইয়র্কের ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডে বৃহস্পতিবার বিকেলে 'আল্লাহু আকবার' বলে চিৎকার করতে করতে দুই ব্যক্তিকে ছুরিকাঘাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে হত্যা চেষ্টাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, এক ভুক্তভোগীকে লক্ষ্য করে ঘৃণাজনিত অপরাধের (হেট ক্রাইম) অভিযোগও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এনওয়াইপিডির তথ্য অনুযায়ী, অভিযুক্ত রাউল মোরালেস (৫১)-কে শুক্রবার আদালতে নেওয়ার সময় (পার্প ওয়াক) তিনি সাংবাদিকদের উদ্দেশে চিৎকার করে বলেন, 'রোমেরো পরিবারের জন্য বিচার চাই।' এ সময় তিনি এক অজ্ঞাত নারীর নাম উল্লেখ করে বলেন, 'তোমরা সারাজীবন তার নাম মনে রাখবে।' তবে ওই নারী কে বা তাঁর বক্তব্যের তাৎপর্য কী—তা এখনো স্পষ্ট নয়।

পুলিশ জানায়, পার্প ওয়াক শেষে মোরালেসকে ডাউনটাউন ম্যানহাটনের সেন্ট্রাল বুকিংয়ে নেওয়া হয়।

৫৭ বছর বয়সী এক এশীয় বংশোদ্ভূত ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনায় মোরালেসের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ, হামলা এবং অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।

এছাড়া ৫০ বছর বয়সী এক ইহুদি ব্যক্তির ওপর হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে ঘৃণাজনিত অপরাধ হিসেবে হত্যা চেষ্টার অভিযোগ, ঘৃণাজনিত হামলার অভিযোগ, হামলা এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগ দায়ের করা হয়েছে।

মোরালেসের এক রুমমেট নিউ ইয়র্ক পোস্ট-কে জানান, বৃহস্পতিবার বাসা থেকে বের হওয়ার আগে তিনি শান্তভাবে বলেছিলেন, 'আমি শুধু পার্কে হাঁটতে যাচ্ছি।' রুমমেটের দাবি, হামলার আগে তাঁর মধ্যে কোনো রাগ বা অস্বাভাবিক আচরণের লক্ষণ দেখা যায়নি।

প্রতিবেশীরাও অভিযোগে বিস্ময় প্রকাশ করেছেন। তাঁদের ভাষ্য, বহু বছর ধরে পরিচিত মোরালেসকে কখনো সহিংস বা অস্বাভাবিক আচরণ করতে দেখেননি।

পুলিশ জানায়, আপার ওয়েস্ট সাইডে অল্প দূরত্বের মধ্যে বৃহস্পতিবার বিকেলে দুটি পৃথক ছুরিকাঘাতের ঘটনা ঘটে। তদন্তে এখন পর্যন্ত মোরালেসের সঙ্গে কোনো ভুক্তভোগীর পূর্বপরিচয় কিংবা দুই ভুক্তভোগীর মধ্যে কোনো সম্পর্কের প্রমাণ মেলেনি।

শুক্রবার তদন্তকারীরা সম্ভাব্য উদ্দেশ্য খুঁজে বের করতে মোরালেসের আপার ওয়েস্ট সাইডের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালান। তবে সেখান থেকে কী উদ্ধার হয়েছে, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য প্রকাশ করেনি।

পুলিশের দাবি, হামলার সময় মোরালেস 'আল্লাহু আকবার' বলে চিৎকার করেছিলেন। ঘটনায় বিদ্বেষমূলক উদ্দেশ্য ছিল কি না, তা তদন্ত করছে এনওয়াইপিডি।

পুলিশ জানায়, একজন ভুক্তভোগী ইহুদি এবং অন্যজন এশীয় বংশোদ্ভূত। আহত দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের অবস্থা স্থিতিশীল।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অভিযুক্তের মানসিক স্বাস্থ্য একটি ভূমিকা রাখতে পারে। তবে এনওয়াইপিডির নথিতে তাঁর কোনো পরিচিত মানসিক রোগের ইতিহাস নেই।

নিউ ইয়র্ক পোস্ট, আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাতে জানায়, ১৯৯০-এর দশকের শুরুতে মাদক-সংক্রান্ত মামলায় মোরালেস প্রায় দুই বছর কারাভোগ করেছিলেন এবং ওই দশকের বেশিরভাগ সময় প্রবেশনে ছিলেন। এছাড়া তাঁর বিরুদ্ধে অন্তত দুটি মাদক রাখার অভিযোগে গ্রেপ্তার এবং পাঁচটি সিলগালা (sealed) গ্রেপ্তারি রেকর্ড রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এ হামলাকে 'ঘৃণ্য ও জঘন্য' বলে নিন্দা জানিয়েছেন। অন্যদিকে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেছেন, ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে সংঘটিত বলে মনে হওয়া এই হামলায় তিনি 'অত্যন্ত ক্ষুব্ধ ও ঘৃণা প্রকাশ করছেন।'

আজকালের খবর/এমকে








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft