শুক্রবার ৭ আগস্ট ২০২৬
লস অ্যাঞ্জেলেসেই অনুষ্ঠিত হচ্ছে ৪০তম ফোবানা সম্মেলন, বিভ্রান্ত না হওয়ার আহ্বান আয়োজকদের
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:০৪ এএম   (ভিজিট : ৮৩)
চলতি বছরের ৪ থেকে ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন লস অ্যাঞ্জেলেস হোটেলে অনুষ্ঠিত হবে ৪০তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন। আয়োজকরা দাবি করেছেন, এটিই ফোবানার আনুষ্ঠানিক ও সাংবিধানিক সম্মেলন। একই সময়ে ফোবানা নাম ব্যবহার করে আয়োজিত অন্য অনুষ্ঠানগুলো নিয়ে প্রবাসীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

ফোবানার নির্বাহী কমিটির চেয়ারপারসন রবিউল করিম বেলাল এবং নির্বাহী সচিব খালেদ আহমেদ রউফ এক বিবৃতিতে বলেন, ফোবানার গঠনতন্ত্র অনুযায়ী সদস্য সংগঠনগুলোর নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে দুই বছর আগেই পরবর্তী সম্মেলনের আয়োজক শহর নির্ধারণ করা হয়। সেই ধারাবাহিকতায় এ বছরের ৪০তম সম্মেলন ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটিতে অনুষ্ঠিত হচ্ছে।

তাদের দাবি, গত কয়েক বছর ধরে কয়েকটি পৃথক গোষ্ঠী ফোবানার নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। তবে এসব অনুষ্ঠান ফোবানার আনুষ্ঠানিক সম্মেলন নয়।

রবিউল করিম বেলাল ও খালেদ আহমেদ রউফ বলেন, "কেউ নির্বাচনে পরাজিত হয়ে বা কাঙ্ক্ষিত পদ না পেয়ে আলাদাভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতেই পারেন। তবে সেটিকে ফোবানা সম্মেলন বলা যায় না। ফোবানা সম্মেলনের জন্য উত্তর আমেরিকায় নিবন্ধিত বাংলাদেশি সদস্য সংগঠনগুলোর অংশগ্রহণ অপরিহার্য।"

তারা আরও বলেন, নিউইয়র্ক, ফ্লোরিডাসহ বিভিন্ন স্থানে একই সময়ে আয়োজিত অনুষ্ঠানের কারণে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠেয় ৪০তম ফোবানা সম্মেলনের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না। বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত না হয়ে বিষয়টি যাচাই করারও আহ্বান জানান তারা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, তিন দিনের এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ২০টিরও বেশি অঙ্গরাজ্য থেকে শত শত শিল্পী, কলাকুশলী, সাহিত্যিক, সংগঠক ও দর্শনার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে। সম্মেলনে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে সেমিনার, সাহিত্যসভা, যুব ফোরাম, ব্যবসায়িক নেটওয়ার্কিং, নারীর ক্ষমতায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা, কারিগরি শিক্ষা, বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম, গ্রন্থমেলা, ফ্যাশন শো, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন থাকবে।

এদিকে ৪০তম ফোবানা সম্মেলনের আহ্বায়ক ড. জয়নুল আবেদিন ও সদস্যসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এম ইকবাল এক যৌথ বিবৃতিতে জানান, সম্মেলনের 'সিলভার প্যাকেজ'-এর নিবন্ধনের সময়সীমা আগামী ২৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। আগাম নিবন্ধনের ক্ষেত্রে এ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫০০ মার্কিন ডলার। এ প্যাকেজে ভিআইপি পাস, বিভিন্ন ব্যবসায়িক ও নেটওয়ার্কিং আয়োজনে অংশগ্রহণের সুযোগ এবং সংরক্ষিত আসনের সুবিধা থাকবে বলে জানানো হয়।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft