রবিবার ৩১ মে ২০২৬
মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশিসহ ৫৬৭ অভিবাসী আটক
প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ১২:৫৪ পিএম   (ভিজিট : ৮৮২)
মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশীসহ ৫৬৭ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৈধ ভ্রমণ নথি না থাকাসহ বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়।

স্থানীয় সময় শনিবার (৩০ ডিসেম্বর) ভোরে কুয়ালালামপুরের বাংসারের আবদুল্লাহ হুকুমের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও নেপালের ১৬৩, মিয়ানমারের ৭৫, ইন্দোনেশিয়ার ৭২, ফিলিপাইনের ৪ এবং ভারতের একজন নাগরিক রয়েছে।

কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক স্যামসুল বদরিন মহসিন জানিয়েছেন, এলাকায় বিদেশিদের আগমনের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এক সপ্তাহ ধরে নজরদারির পর শুক্রবার দিবারাত সোয়া ১১টায় শুরু হয়ে প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই অভিযান। অভিযানে মোট এক হাজার বিদেশিকে তল্লাশি করে ৫৬৭ অভিবাসীকে আটক করা হয়।

তিনি সাংবাদিকদের বলেন, এক থেকে ৫৫ বছর বয়সী আটক অবৈধ অভিবাসীদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নিয়ে যাওয়া হয় এবং অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) অনুসরণ করে তদন্ত করা হয়।

কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে আটক অবৈধ অভিবাসীরা প্রতি ফ্ল্যাটে ৮ থেকে ১০ জন করে বাস করছিলেন। তারা অ্যাপার্টমেন্টের আশেপাশে শপিং সেন্টারসহ বিভিন্ন দোকান ও নির্মাণ সাইটে কাজ করতেন।

শ্যামসুল বদরিন আরো বলেন, ১৪ তলা অ্যাপার্টমেন্টটি পরিদর্শন করার জন্য ইমিগ্রেশনের ৮৫ কর্মকর্তা এবং সদস্যদের সমন্বয়ে পরিচালিত অভিযানটি চ্যালেঞ্জের মুখে পড়েছিল। সেসময় বেশ কিছু অভিবাসী ভবন থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা এবং দরজা খুলতে অস্বীকার করেছিল। সেসময় ইমিগ্রেশন সদস্যদের জোর করে দরজা ভেঙে ভেতরে ঢুকতে হয়।

অবৈধ অভিবাসীদের কাছে বাসা ভাড়া দেয়ার কারণে বাড়ির মালিকদের খুঁজে বের করার জন্য তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।

আজকালের খবর/এসএইচ








Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft