জাতীয় বীর ভাষা সংগ্রামী আব্দুল মতিনের মেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা, প্রযোজক ও চিত্রনাট্যকার মাতিয়া বানু শুকু সর্ব সাধারণের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুরে তার মরদেহ আনা হলে সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজা ও উত্তরা ১১ নম্বর সেক্টর জামে মসজিদে বাদ আসর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন গুণী এ ব্যক্তিত্ব।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা, প্রযোজক ও চিত্রনাট্যকার মাতিয়া বানু শুকু বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
শুকু দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। ২০২৫ সালে তার ক্যানসার ধরে পড়ে। এরপর ভারতের একটি হাসপাতালে চিকিৎসাও করিয়ে এসেছিলেন। সম্প্রতি কিডনি জটিলতায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মাতিয়া বানু শুকু ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা ও নির্মাতা নূরুল আলম আতিকের সহধর্মিণী। মৃত্যুর আগে তিন সন্তান রেখে গেছেন তিনি।
প্রসঙ্গত, শুকু তার প্রযোজিত লাল মোরগের জুটি সিনেমার জন্য ২০২১ সালে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এই সিনেমার পরিচালক তার স্বামী নুরুল আলম আতিক। এছাড়াও শুকুর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে টিভি সিরিজ টু-লেট, লাবণ্য প্রভা, একটা কিনলে আরেকটা ফ্রি ও ডেঙ্গুর দিনগুলিতে প্রেম।
আজকালের খবর/আতে