গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ১১ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর আবাসিক এলাকা উদ্বোধন করেন এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে তিনি আনুষ্ঠানিকভাবে বিইউপির আবাসিক এলাকা উদ্বোধন করেন এবং আবাসিক এলাকাটি পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে বিইউপির উপাচার্য, উপ-উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিইউপির স্বাধীনতা অডিটোরিয়ামে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদানকালে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি পেশাগত উচ্চশিক্ষা ও অত্যাধুনিক গবেষণার ক্ষেত্রে বিইউপির ধারাবাহিক অগ্রগতির চিত্র তুলে ধরেন। দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং আধুনিক শিক্ষার অগ্রভাগে বিইউপিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারের বিষয়টিও তিনি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।
পরবর্তীতে, বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধান অতিথি জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী বিইউপির ১৫ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। তাঁদের মধ্যে একক বিভাগে ৪ জন এবং দলীয় বিভাগে ১১ জন শিক্ষার্থী ছিলেন। এ ছাড়া, গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন শিক্ষককে 'বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড-২০২৫' প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে প্রধান অতিথি বিইউপির উল্লেখযোগ্য অগ্রযাত্রার প্রশংসা করেন। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সাফল্য কেবল শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ, নৈতিকতা, সততা এবং গভীর সামাজিক দায়বদ্ধতা সৃষ্টির সক্ষমতার মধ্যেও এর প্রকৃত সাফল্য নিহিত। তিনি দেশপ্রেমিক ও দক্ষ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে বিইউপির ভূমিকার প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়ের অব্যাহত সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
নবনির্মিত এসব স্থাপনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, আধুনিক শিক্ষার পরিবেশ, উদ্ভাবনী গবেষণা এবং সৃজনশীল কর্মকাণ্ডের ক্ষেত্রে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আরও বিস্তৃত সুযোগ সৃষ্টি করবে।
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আজকালের খবর/ এমকে