এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কথা বিবেচনা করে ইউজিসি ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিলেও পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়।
সোমবার (৯ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেনে উপ-উপাচার্য মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
তিনি বলেন, আমাদের নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আলমোজাদ্দেদী আলফেছানী আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্ববর্তী সিদ্ধান্তে অটল আছে। আমাদের ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। করোনাকাল থেকে যে সেশনজট তৈরি হয়েছে, তা অনেকটা কাটিয়েছি। এখন পুরো বাংলাদেশের সমন্বয়ের সঙ্গে আমরা যদি ডিসিশন নিই, তাহলে আমরা আবার বিশাল সেশনজটে পরে যাব। এজন্য আমাদের আগের সিদ্ধান্ত বহাল আছে। আমরা ভর্তি কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ততেও বহাল থাকব, চূড়ান্ত করব। আমাদের পরীক্ষা ৫ ডিসেম্বর থেকেই শুরু হবে বলে এখন পর্যন্ত সিদ্ধান্ত আছে। আমরা পরীক্ষার তারিখ পেছাচ্ছি না।
গত ২ আগস্ট ভর্তি কমিটির এক সভায় ৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ইউনিটের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। এজন্য ১১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে, যা চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।
২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে সোমবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে ইউজিসির এক মতবিনিময় সভা করে।
পরে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ এক লিখিত বক্তব্যে বলেন, সভায় আলোচনার ভিত্তিতে আগামী জানুয়ারি ২০২৭ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের কার্যক্রম শুরু করার বিষয়ে সর্বসম্মত ও সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর আগামী ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, আগামী ৩১ ডিসেম্বরের পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এরপর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করা হবে।
এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন বলে জানান তিনি।
তবে ইউজিসির এ সভায় অংশ নেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম। কমিশনের সিদ্ধান্ত আসার পর সোমবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়টির সাধারণ ভর্তি কমিটি জরুরি বৈঠকে বসে। সেখানেই শিক্ষালয়টি পূর্বঘোষিত সূচিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়।
আজকালের খবর/বিএস