বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে সহায়তা দেবে ইরান: রাষ্ট্রদূত
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৪:৩১ পিএম   (ভিজিট : ০)
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি কোনো ধরনের হামলা চালায়, তবে পূর্ণ শক্তিতে তাদের গুঁড়িয়ে দিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। তবে ইরান নিজে থেকে কোনো যুদ্ধ বা সংঘাত চায় না বলে তিনি স্পষ্ট করেছেন।

বুধবার (৪ নভেম্বর) ঢাকাস্থ ইরান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণকে ‘মুসলিম ভাই-বোন’ উল্লেখ করে বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহায়তার আশ্বাস দেন।

ইরানি রাষ্ট্রদূত জানান, আত্মরক্ষার স্বার্থে ইরান নতুন ড্রোন তৈরি করেছে এবং যেকোনো আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। তবে হাফিজ ও শেখ সাদির মতো কবিদের দেশের মানুষ হিসেবে তারা যুদ্ধ নয়, বরং শিল্প, সংস্কৃতি ও মানবতায় বিশ্বাসী।

মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সাথে ইরানের কোনো বিরোধ নেই উল্লেখ করে তিনি বলেন, আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি থেকে যদি ইরানের ওপর হামলা না হয়, তবে ইরান কখনোই কোনো আরব দেশে আক্রমণ করবে না। পবিত্র মক্কা ও মদিনাকে ইরানের ‘রেড লাইন’ হিসেবে ঘোষণা করে তিনি এ অঞ্চলে পশ্চিমা হস্তক্ষেপ ছাড়া আঞ্চলিক নিরাপত্তার জন্য ‘মক্কা চুক্তি’ গঠনের প্রস্তাব দেন।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাথে সৌদি আরবের সংঘাতের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে ইরানি রাষ্ট্রদূত বলেন, এই দ্বন্দ্ব ইরানের ইসলামি বিপ্লবের অনেক আগের। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ইয়েমেনের হুতি, ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকের হাশদ আল-শাবির প্রতি ইরানের শক্তিশালী রাজনৈতিক ও আধ্যাত্মিক সমর্থন রয়েছে।

শিয়া-সুন্নি ভেদাভেদ নাকচ করে তিনি বলেন, ইরান কোনো গোষ্ঠীর ধর্মীয় পরিচয় দেখে না। হামাস সুন্নি হওয়া সত্ত্বেও ইরান তাদের সমর্থন দিচ্ছে। এমনকি মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমরা যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়, তবে ইরান তাদেরও সমর্থন করতে প্রস্তুত বলে ইরানি রাষ্ট্রদূত জানান।

লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ ও মূল্যবৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন ইরানের রাষ্ট্রদূত। তবে এই সংকটকালীন বাংলাদেশের সাথে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ, আগাম সমন্বয়ের ভিত্তিতে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদ পারাপারে ইরান সব ধরনের সহযোগিতা করবে বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রদূত।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft