রবিবার ● ১ নভেম্বর ২০২৬
শিশু কল্যাণে বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান টোকিওর আন্তর্জাতিক সেমিনারে
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১১:১১ এএম   (ভিজিট : ১৭)
শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে গত ২৭ অক্টোবর জাপানের টোকিওতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আয়োজনে ‘টুগেদার, উই ক্যান শেপ দ্য ফিউচার: অ্যাডভান্সিং চিলড্রেনস ওয়েল-বিয়িং থ্রু আ নিউ জাপান-বাংলাদেশ পার্টনারশিপ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অংশ নিয়ে মাতৃ ও শিশুস্বাস্থ্য, চিকিৎসা গবেষণা, মানসম্মত শিক্ষা এবং সামাজিক সুরক্ষার ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান তিনি।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্লামেন্টারি ভাইস-মিনিস্টার আকিকো ইকুইনা উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। দুই দেশের শিশুদের সম্ভাবনা বিকাশে সহায়ক পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য দেন সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. নোবুকো কায়াশিমা।

সেমিনারের প্যানেল আলোচনায় অংশ নেন ফ্রেন্ডস অব ডব্লিউএইচও জাপানের প্রেসিডেন্ট ও ওসাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. ইয়াসুহিদে নাকামুরা, শাপলা নীড়ের প্রেসিডেন্ট ড. মায়ুমি মুরায়ামা এবং বাংলাদেশের একমাত্রা সোসাইটির কো-রিপ্রেজেন্টেটিভ হিরোকি ওয়াতানাবে। এ ছাড়া বিশেষ বক্তব্য দেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শোহেই হারা এবং রিক্কিও বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাওনোরি কুসাকাবে। সেমিনারটি সঞ্চালনা করেন সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের ওশান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ ফেলো ড. ইমাদুল ইসলাম।

আলোচনায় বাংলাদেশের শিশুদের পুষ্টি, মানসিক স্বাস্থ্য, শিশুশ্রম, বাল্যবিবাহ, শিক্ষার মান এবং সহিংসতা থেকে সুরক্ষার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। ইউনিসেফের বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১৮ বছরের কম বয়সী শিশুর সংখ্যা প্রায় ৫ কোটি ৮৭ লাখ। এসব শিশুর একটি বড় অংশ এখনো সহিংস শাসন, শিশুশ্রম এবং মৌলিক শিক্ষা অর্জনে নানা সীমাবদ্ধতার মুখোমুখি।

সেমিনারে মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবার উন্নয়ন, মানসম্মত ও প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিতকরণ, শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধ, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় যৌথ উদ্যোগের সম্ভাবনা তুলে ধরা হয়। পাশাপাশি শিশুদের সুরক্ষায় দায়িত্বশীলভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিষয়টিও আলোচনায় স্থান পায়।

বক্তারা বলেন, বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও কার্যকর করতে প্রচলিত দাতা-গ্রহীতা সম্পর্কের বাইরে এসে জ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের ভিত্তিতে সমান অংশীদারত্ব গড়ে তোলা প্রয়োজন। এর মাধ্যমে শিশুদের কল্যাণে টেকসই ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।

সেমিনারে উঠে আসে, শিশুদের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়; বরং পরিবার, সমাজ ও আন্তর্জাতিক অংশীদারদেরও সম্মিলিত অঙ্গীকার। আজকের শিশুদের জন্য নিরাপদ, সুরক্ষিত ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব।

আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft