সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে হাতবিহীন অদম্য শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:৪৩ পিএম   (ভিজিট : ০)
জন্ম থেকেই দুই হাত না থাকলেও দমে যাননি তিনি; পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে শিশুদের আলো ছড়িয়ে যাচ্ছেন প্রতিদিন। নরসিংদীর সেই অদম্য শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়ার পাশে এবার প্রধানমন্ত্রীর নির্দেশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।

সোমবার (১২ অক্টোবর) সকালে সদর উপজেলার পাঁচদোনা এলাকার ‘প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেনে’ গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সময় কাটান নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া জানান, সম্প্রতি গণমাধ্যমে হাতবিহীন অদম্য শিক্ষক দুখু মিয়ার শিক্ষাদান ও জীবনসংগ্রাম নিয়ে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি বিস্তারিত খোঁজ নেওয়ার নির্দেশনা দেন। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে বিদ্যালয়টির নিবন্ধন ও অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

সহযোগিতার কথা শুনে আবেগপ্লুত হয়ে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়া বলেন, “দেশের প্রধান আমার প্রতিষ্ঠানটির খবর নিয়েছেন জেনে আমি অত্যন্ত আনন্দিত। আমার স্বপ্ন বিদ্যালয়টিকে একটি পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয়ে রূপান্তর করা। আশা করছি, সরকার ও প্রশাসনের সহায়তায় আমার সেই স্বপ্ন পূরণ হবে।”

উল্লেখ্য, ১৯৬২ সালে দুই হাত ছাড়া জন্মগ্রহণ করেন আলতাফ হোসেন দুখু মিয়া। শৈশবে বাবার উৎসাহে কঞ্চি ও কলাপাতায় পা দিয়ে লেখার অভ্যাসে তাঁর পড়ালেখার যাত্রা শুরু। এরপর অদম্য ইচ্ছাশক্তিতে পা দিয়ে লিখেই তিনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পাস করেন। শিক্ষাজীবন শেষে চাকরির পেছনে না ছুটে ২০০৭ সালে বাবার দেওয়া জমি বিক্রি করে গড়ে তোলেন ‘প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেন’। বর্তমানে তাঁর এই বিদ্যালয়ে শিশুশ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৪৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft