স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট (ক্রিম্প)-এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত "কনসালটেন্সি সার্ভিসেস ফর ই-লার্নিং কনটেন্ট ডেভেলপমেন্ট"-এর আওতায় কনটেন্ট ওভারভিউ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) এলজিইডি সদর দপ্তরের চতুর্থ তলার সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল বাছেদ মোহাম্মদ রেজাউল বারী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে দক্ষ জনবল তৈরিতে ই-লার্নিং কনটেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানসম্পন্ন ও ব্যবহারবান্ধব কনটেন্ট তৈরিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক সালমা শহীদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ই-লার্নিং কনটেন্টের মাধ্যমে এলজিইডির কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি সহজ হবে। কনটেন্ট বাস্তবসম্মত ও ব্যবহারবান্ধব করতে সবার মতামত ও সহযোগিতা প্রয়োজন। কর্মশালায় অংশগ্রহণকারীদের মূল্যবান মতামতের মাধ্যমে কনটেন্টকে আরও কার্যকর ও টেকসই করে গড়ে তোলাই ছিল এ আয়োজনের প্রধান লক্ষ্য।
এই অ্যাসাইনমেন্টের জন্য নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান অ্যাডি সফট লিমিটেডের পক্ষে কনটেন্ট ডেভেলপার ইমরান হোসেন কনটেন্টের ডিজাইন বিষয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করেন। এ সময় অ্যাডি সফট লিমিটেডের ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট কে এম আবদুল্লাহ আল-মুরাদ, টিমলিড মোঃ ছাবেদ আলম, এজিএম মোঃ শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী সাইফুল কবীর, তত্ত্বাবধায়ক প্রকৌশলীগণসহ বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী ও সিনিয়র সহকারী প্রকৌশলীবৃন্দ।
আজকালের খবর/বিএস