সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে এক হাজার ৪২৮ জন আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে- গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে এক হাজার ৪০ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ জন শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু এক হাজার ১৪৪ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৩৩২ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৬ জনের। মোট এক হাজার ৪২৮ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৭৮ হাজার ৯২৭ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে এক লাখ ৭১ হাজার ৬৮০ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে দুই লাখ এক হাজার ৬২৫ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ১১৬ জনের।
আজকালের খবর/বিএস