রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, নির্বাচনের পর হামলার পরিকল্পনা
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৭ এএম   (ভিজিট : ২০)
ইরানের সাতদিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর ইরানে ফের হামলা চালানোর পরিকল্পনা নিয়ে তিনি সহযোগীদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে পত্রিকাটি বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তাদের বরাতে জানায়, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের আলোচকরা ওই যুদ্ধবিরতির প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী, ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ তুলে নিলে সাতদিনের মধ্যে তেহরান হরমুজ প্রণালী খুলে দেবে এবং পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করবে।

তবে মার্কিন কর্মকর্তারা তেহরান ও মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছেন, ইরানের ওপর থেকে অবরোধ তুলে নেয়ার কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই। তাদের ধারণা, অব্যাহত অর্থনৈতিক চাপের মুখে ইরান শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের শর্ত মেনে চুক্তিতে যেতে বাধ্য হবে।

ডব্লিউএসজে জানায়, গত সাত মাস ধরে চলা সংঘাতের মধ্যে ট্রাম্প কখনো কূটনৈতিক উদ্যোগ, কখনো সামরিক পদক্ষেপ এবং কখনো নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের ওপর চাপ প্রয়োগ করেছেন। নির্বাচনের পর ইরান চুক্তিতে আগ্রহী হতে পারে—এমন প্রকাশ্য বক্তব্য থাকলেও তেহরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি গুটিয়ে নিতে রাজি হবে কি না, তা নিয়ে ট্রাম্পের অভ্যন্তরীণ সংশয় রয়েছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নতুন সমঝোতার শর্তগুলো প্রত্যাখ্যান করেছে। এর পরিবর্তে তারা গত জুনের প্রাথমিক চুক্তির শর্তে ফিরে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। একই সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের জন্যও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft