দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত এ আদেশ দেন।
এদিন চার দিনের রিমান্ড শেষে গাজী নজরুল ইসলামকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, মরিয়ম খুবই আবেগপ্রবণ ছিলেন।
অভিমান এবং পারিবারিক বিভিন্ন ধরনের ঝামেলার কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে তদন্তকালে জানা গেছে। মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় এর মূল রহস্য উদঘাটনে আসামিকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
আবেদনে আরও বলা হয়, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে মূল রহস্য উদঘাটনের জন্য গাজী নজরুল ইসলামকে পুনরায় সাত দিনের পুলিশ রিমান্ডে নেওয়া প্রয়োজন।
শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত রবিবার রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
আজকালের খবর/বিএস