জনগণের জন্য ৮ দফা যেকোনো সময় ১ দফায় পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় গাজীপুরের ভোগড়া বাইপাসের টাঙ্গাইল রোডে লংমার্চের পথসভার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সকাল ৭টায় শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত রংপুরের উদ্দেশে আমাদের লংমার্চ শুরু হয়েছে। আমাদের এই লংমার্চ জনগণের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়ার দাবিতে, ইন্ডাস্ট্রির চাকা ঘুরানোর দাবিতে, নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে, পানির অভাবে হাহাকার করা মানুষের দুঃখ দুর করার দাবিতে, রাস্তা ঘাটে হাটে বাজারে টেম্পু স্ট্যান্ডে সর্বত্র চাঁদাবাজি বন্ধ করার দাবিতে। আমাদের এই লংমার্চ দুর্নীতিতে ছেয়ে যাওয়া দেশকে দুর্নীতিমুক্ত করার দাবিতে। আমাদের এই লংমার্চ আধিপত্য বাদের বিরুদ্ধে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে তা থেকে উত্তরণের দাবিতে আমাদের এই লংমার্চ।
তিনি বলেন, এগুলো আপনাদের দাবি, আপনাদের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। কোনো দলীয় দাবি নিয়ে নামি নাই। ১৮ কোটি মানুষের দাবি নিয়ে নেমেছি। আপনারা গণভোটে হ্যাঁ বলেছিলেন ৭০ ভাগ মানুষ, সরকার আপনাদের গণভোটকে অগ্রাহ্য করে অপমানিত করেছে। সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমরা নেমেছি।
জনগণের রায়ের বাস্তবায়ন এই বাংলার মাটিতে হবে, এই বিএনপিই করতে বাধ্য হবে। পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে। সরকারকে আমরা বলে দিচ্ছি, আজ ৮ দফা দাবিতে নেমেছি। জনগণের জন্য, জনগণের প্রয়োজনে ৮ দফা যেকোনো সময় ১ দফায় পরিণত হতে পারে। এসময় জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকেই ভোগড়া বাইপাস এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। এক পর্যায়ে পথসভাস্থল লোকারণ্য হয়ে যায়।
সকাল ১০টায় লংমার্চের ভোগড়া বাইপাসের বক্তব্য দেওয়া শেষে টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাসে পথসভায় বক্তব্য রাখায় কথা রয়েছে।
আজকালের খবর/এমকে