মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
ফোবানা'র ৪২তম আসর ২০২৮ সালে মিশিগানে
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৩ এএম   (ভিজিট : ৩)
উত্তর আমেরিকার বাংলাদেশি-আমেরিকানদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক মিলনমেলা ফোবানা সম্মেলনের ৪২তম আসর বসছে যুক্তরাষ্ট্রের মিশিগানে। ২০২৮ সালে অনুষ্ঠিতব্য এই সম্মেলন আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (BAM)। দীর্ঘ আলোচনা ও ভোটাভুটি শেষে আয়োজক হিসেবে BAM-এর নাম ঘোষণার পর মিশিগানের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিতে বইছে আনন্দ ও উৎসবের আমেজ।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী ৪০তম ফোবানা সম্মেলন। উত্তর আমেরিকার ২২টি শহরের ৬৭টি সংগঠনের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনে যেমন ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন, তেমনি ছিল সংগঠনগুলোর প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ বৈঠক ও ভবিষ্যৎ পরিকল্পনা।

সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল নতুন এক্সিকিউটিভ কমিটি নির্বাচন। ৬৭টি সদস্য সংগঠনের কাউন্সিলরদের সরাসরি ভোটে ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য ফোবানার নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

নতুন কমিটিতে চেয়ারপারসন মোহাম্মদ এম. রহমান (জহির), ফ্লোরিডা; ভাইস চেয়ারপারসন আবীর আলমগীর, নিউইয়র্ক; এক্সিকিউটিভ সেক্রেটারি ড. প্রিয়লাল কর্মকার, ভার্জিনিয়া; জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি অ্যান্থনি পিয়ুস গোমেজ, ভার্জিনিয়া এবং ট্রেজারার নাহিদা নাসের ইয়াসমিন, হিউস্টন, টেক্সাস নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া ৯ সদস্য বিশিষ্ট আউটস্ট্যান্ডিং মেম্বার এবং ১৭টি সংগঠনের দায়িত্বে থাকা নেতৃবৃন্দকে ফোবানার এক্সিকিউটিভ মেম্বার হিসেবে নির্বাচিত করা হয়।

লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানা সম্মেলন চলাকালে পরবর্তী সম্মেলনের আয়োজক নির্বাচন নিয়ে সদস্য সংগঠনগুলোর মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের (BAM) প্রতিনিধি দল মিশিগানে ফোবানা আয়োজনের পরিকল্পনা, সাংগঠনিক সক্ষমতা, অবকাঠামোগত প্রস্তুতি এবং সম্মেলন সফল করার নানা দিক তুলে ধরে।

BAM-এর পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদক লুৎফুল বারী, উপদেষ্টা সুমন কবির এবং সাংগঠনিক সম্পাদক তাহমিদ চৌধুরী।

দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের পর অনুষ্ঠিত ভোটাভুটিতে ২০২৭ সালে ৪১তম ফোবানা সম্মেলন আয়োজনের দায়িত্ব পায় টেক্সাসের হিউস্টন। আর ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলনের আয়োজক হিসেবে নির্বাচিত হয় মিশিগান। এরপর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানকে ৪২তম ফোবানা সম্মেলনের আয়োজক হিসেবে ঘোষণা করা হয়।

৪২তম ফোবানা সম্মেলন মিশিগানে আয়োজনের দায়িত্ব পাওয়াকে শুধু সংগঠনের নয়, পুরো বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির অর্জন হিসেবে দেখছেন BAM-এর সভাপতি জাবেদ চৌধুরী।

তিনি বলেন, “এটি শুধু বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নয়, মিশিগানের পুরো বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির একটি ঐতিহাসিক অর্জন। আমরা সবাইকে সঙ্গে নিয়ে ২০২৮ সালে একটি বর্ণাঢ্য, সফল ও স্মরণীয় ফোবানা সম্মেলন আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তার এই বক্তব্যের মধ্য দিয়ে মিশিগানে বসবাসরত বাংলাদেশি-আমেরিকানদের সম্মিলিত অংশগ্রহণে একটি বড় পরিসরের সাংস্কৃতিক আয়োজনের প্রত্যাশাই ফুটে উঠেছে।

আয়োজকেরা জানিয়েছেন, ফোবানা ২০২৮-এ বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, হাজার বছরের ঐতিহ্য, সংগীত, সাহিত্য ও শিল্পকে তুলে ধরার পাশাপাশি উত্তর আমেরিকায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের প্রতিভাকেও বিশেষভাবে সামনে আনা হবে।

উত্তর আমেরিকার বিভিন্ন শহর থেকে বাংলাদেশি-আমেরিকানদের অংশগ্রহণে সম্মেলনটি পরিণত হবে এক বিশাল সাংস্কৃতিক মিলনমেলায়—এমন প্রত্যাশা আয়োজকদের।


আজকালের খবর/এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft