মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬
আগামীতে হজের খরচ আরও কমানো হবে: ধর্মমন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৯ পিএম   (ভিজিট : ২)
চলতি ২০২৬ সালের হজে সরকারি ব্যবস্থাপনায় যাওয়া ৪ হাজার ৩৪১ হাজীর ব্যয় না হওয়া ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয়েছে। একইসঙ্গে আগামী ২০২৭ সালের হজে বিমান ভাড়াসহ সরকারি প্যাকেজের খরচ উল্লেখযোগ্য হারে কমানোর ঘোষণা দিয়েছে সরকার।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এসব তথ্য জানান। 

এদিন অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বিবৃতিতে ধর্মমন্ত্রী বলেন, আল্লাহর মেহমান হাজীদের সেবা করাই বর্তমান সরকারের একমাত্র ব্রত। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব, বলিষ্ঠ দিকনির্দেশনা এবং নিবিড় মনিটরিংয়ের কারণেই ২০২৬ সালের হজ অত্যন্ত সফল, সুন্দর ও সাবলীলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট দিকনির্দেশনায় স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রতিটি প্যাকেজের ব্যয় কমানো সম্ভব হয়েছে। খাতভিত্তিক হিসাব শেষে উদ্বৃত্ত ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা কোনও মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি ইএফটি-এর মাধ্যমে ৪ হাজার ৩৪১ জন হাজির ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।

প্যাকেজভিত্তিক অর্থ ফেরতের বিস্তারিত চিত্র সংসদে তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, ২০২৬ সালের হজ প্যাকেজ-১ এর (খাবার খরচ ছাড়া মূল্য ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা) পূর্ণাঙ্গ ও শর্ট প্যাকেজের হাজীদের যথাক্রমে ৩৮ হাজার ৬৯৭ টাকা এবং ৪৬ হাজার ৮৮৮ টাকা ফেরত দেওয়া হয়েছে। এছাড়া এই প্যাকেজে সিট আপগ্রেডেশন অনুযায়ী হাজীদের সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হয়েছে।

একইভাবে প্যাকেজ-২ এর হাজীদের জনপ্রতি সর্বনিম্ন ২ হাজার ৫০৫ টাকা থেকে সর্বোচ্চ ৭৮ হাজার ৭১৩ টাকা এবং প্যাকেজ-৩ এর পূর্ণাঙ্গ প্যাকেজের হাজীদের জনপ্রতি ৩ হাজার ৭১৮ টাকা ফেরত দেওয়া হয়েছে।

আগামী হজের খরচ কমানোর বিষয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, সফলতার ধারাবাহিকতায় ২০২৭ সালের হজের খরচ সাধারণ মানুষের জন্য আরও সাশ্রয়ী করতে আমরা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছি। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ২০২৭ সালের হজের বিমানভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষভাবে উল্লেখ করতে চাই, ২০২৩ সালে এই বিমান ভাড়া ছিল ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা।

আগামী বছর (২০২৭) দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, সরকারি হজ প্যাকেজ-১ এর খরচ আগের বছরের (২০২৬) তুলনায় ৭৫ হাজার ৩৩৪ টাকা কমিয়ে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সাশ্রয়ী হজ প্যাকেজ-২ এর খরচ ৫৩ হাজার ২৩৩ টাকা কমিয়ে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft