মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৯ পিএম   (ভিজিট : ২৩)
বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে রাজনৈতিক, সাংস্কৃতিক এবং পারস্পরিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংলি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

বৈঠকের শুরুতে সুইস রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবীরকে অভিনন্দন জানান। একইসাথে আগামী দিনে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তির দক্ষতা উন্নয়ন এবং রাজনৈতিক ও জনগণের সাথে জনগণের সম্পর্ক জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনাময় খাতগুলোতে সুইজারল্যান্ডের বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারের অংশ হিসেবে বাংলাদেশি জনশক্তির জন্য কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে সম্মত হন তারা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, নিয়মিত আলোচনা ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব। 

এ সময় সুইজারল্যান্ডের বার্নে বাংলাদেশের নতুন দূতাবাস পুরোদমে চালু হলে দুই দেশের সম্পর্কের পরিধি ও গভীরতা আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সুইস রাষ্ট্রদূত। 

বৈঠকে উভয় পক্ষই গণতন্ত্র, মানবাধিকার, বহুপাক্ষিকতাবাদ, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে এই অভিন্ন মূল্যবোধগুলো বজায় রাখতে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।

এদিকে জোরপূর্বক বাস্তুচ্যুত বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতার ভূয়সী প্রশংসা করেন সুইস রাষ্ট্রদূত। তিনি রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে এবং এই সংকট নিরসনে একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে সুইজারল্যান্ডের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft