বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬
ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৫
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৭ পিএম  আপডেট: ০২.০৯.২০২৬ ২:৪৯ পিএম  (ভিজিট : ৩৬)
ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় একটি বাড়িতে চলা বিয়ের অনুষ্ঠানে পাঁচজন নিহত এবং অন্তত ৬৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

স্থানীয় সময় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এ হতাহতের ঘটনা ঘটে।

হরমোজগান প্রদেশের ডেপুটি গভর্নর আহমাদ নাফিসি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, দক্ষিণ ইরানের কুহেস্তাক এলাকায় একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালে যুক্তরাষ্ট্রের হামলায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ঘটনায় অন্তত ৬৮ জন আহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র দেশটির দক্ষিণ উপকূলীয় এলাকায় বেসামরিক স্থাপনা এবং একটি বেসামরিক বিমানবন্দরেও হামলা চালিয়েছে।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘কোনো সন্দেহ নেই, এসব অপরাধের শাস্তি হবে।’

তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, তারা বেসামরিক হতাহতের খবর সম্পর্কে অবগত। তবে এসব তথ্য ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে এসেছে বলে উল্লেখ করেন তিনি।

হকিন্স বলেন, ‘আইআরজিসির মতো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কখনো বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করে না।’

হামলার পর স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে সেন্টকম জানায়, মধ্যপ্রাচ্যে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন বাহিনীর ওপর হামলার চেষ্টা করায় ইরানের বিরুদ্ধে সর্বশেষ হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে সেন্টকম আরও জানায়, তারা ইরানের বিমান প্রতিরক্ষাব্যবস্থা, রাডার এবং সামুদ্রিক সম্পদসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে সর্বশেষ দফার হামলা সম্পন্ন করেছে।

এদিকে, ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। তার দাবি, ইরান রাডার ব্যবস্থা পুনর্নির্মাণের চেষ্টা করছিল এবং নির্মাণকাজ প্রায় শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র সেখানে হামলা চালায়।

এর আগে, ট্রাম্প ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। নতুন হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালালে তাদের ওপর আরও কঠোর ও বড় ধরনের হামলা চালানো হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

মঙ্গলবার রাতে ট্রাম্প বলেন, তিনি ইরানকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করবেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘তারা একটি মূল্যহীন চুক্তিতে সই করল কি না, তাতে আমার কিছুই যায় আসে না। হরমুজ প্রণালির ওপর প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণ এবং তাদের অর্থনীতির সম্পূর্ণ পতনের বর্তমান অবস্থান আমার কাছে অনেক ভালো।’

যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর পাল্টা জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

ইরান জর্ডানের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী দাবি করে, তারা জর্ডানের আকাবা উপসাগরীয় উপকূলে একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

জর্ডানের সামরিক বাহিনী জানায়, তারা ১০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এবং বাকি তিনটি জনবসতিহীন এলাকায় পড়েছে। আকাবার আকাশে আসন্ন হামলা প্রতিহত করার সময় বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে।

এদিকে, কুয়েতের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, ‘ইরানের অপরাধমূলক আগ্রাসনের’ পর তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোন হামলা প্রতিহত করেছে।

ইরান আরও দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ড্রোন হামলা চালিয়েছে। তবে বাহরাইন কর্তৃপক্ষ জানিয়েছে, সব হামলাই প্রতিহত করা হয়েছে।

ছয় মাসের বেশি সময় ধরে চলা বিচ্ছিন্ন এই যুদ্ধে নতুন করে উত্তেজনা বেড়েছে। গত রবিবারের হামলার মধ্য দিয়ে এক মাসের সামরিক নিষ্ক্রিয়তারও অবসান হয়।

নতুন এই হামলা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতকে আবারও বাড়িয়ে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে।

আজকালের খবর/এমকে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft