সোমবার ৩১ আগস্ট ২০২৬
ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১২:০৫ পিএম   (ভিজিট : ৩)
৫ম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০২৬-এর পুরুষ সিনিয়র বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই প্রতিযোগিতার মহিলা সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং রানার্স আপ হয়েছে বিজিবি।

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উদ্যোগ ও সার্বিক ব্যবস্থাপনায় রাজধানীর পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে ২৮ থেকে ৩০ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ এবং প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সভাপতি ও বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

তিন দিনব্যাপী প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ এবং দেশের ১৯টি জেলা ক্রীড়া সংস্থাসহ মোট ২২টি দলের প্রায় ৪৫০ জন পুরুষ ও নারী তায়কোয়ানডো খেলোয়াড় বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেন।

পুরুষ সিনিয়র বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি উভয় দলই চারটি স্বর্ণ ও চারটি রৌপ্যসহ মোট আটটি পদক অর্জন করে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়। এ বিভাগে চারটি তাম্রপদক নিয়ে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা রানার্স আপ হয়।

মহিলা সিনিয়র বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী চারটি স্বর্ণ ও দুটি রৌপ্যসহ মোট ছয়টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজিবি দুটি স্বর্ণ ও একটি তাম্রপদকসহ মোট তিনটি পদক নিয়ে রানার্স আপ হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা, ফেডারেশনের সদস্য ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক শায়রুল কবির খানসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানানো হয়, খেলাধুলার মাধ্যমে সদস্যদের শৃঙ্খলা, নেতৃত্বগুণ, শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বৃদ্ধির পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখার লক্ষ্যে নিয়মিত ক্রীড়া প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। তায়কোয়ানডোসহ বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে বিজিবি সদস্যদের ধারাবাহিক সাফল্য বাহিনীর ক্রীড়া কার্যক্রমের সক্ষমতা ও উৎকর্ষের প্রতিফলন।

আজকালের খবর/এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft