বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৩:৫৮ পিএম   (ভিজিট : ১০১)
জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় বগির কয়েল স্প্রিং ভেঙে বিকল হয়ে পড়া রাজশাহীগামী আন্তঃনগর ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের জরুরি মেরামত সম্পন্ন হয়েছে। দীর্ঘ প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে পার্বতীপুর-সান্তাহার রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে, শনিবার সকাল পৌনে ৯টার দিকে ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের একটি বগির কয়েল স্প্রিং বডি ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। এতে ট্রেনটি মাঝপথে আটকে যাওয়ায় পার্বতীপুর-সান্তাহার রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ট্রেনটি লাইনের ওপর বিকল হয়ে পড়ায় গন্তব্যমুখী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

স্থানীয় লোকজন ও রেলওয়ে সূত্রে জানা যায়, শনিবার সকালে নীলফামারীর চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে আন্তঃনগর ‘বরেন্দ্র এক্সপ্রেস’। ট্রেনটি পুরানাপৈল রেলগেট এলাকা অতিক্রম করার পরপরই সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে বিকট শব্দে একটি বগির কয়েল স্প্রিং বডি ভেঙে যায়। শব্দ শোনার সঙ্গে সঙ্গেই লোকোমাস্টার ট্রেনটির জরুরি ব্রেক চেপে নিরাপদ দূরত্বে থামিয়ে দেন। ফলে চলন্ত অবস্থায় এই ত্রুটি দেখা দিলেও বড় কোনো দুর্ঘটনা এবং হতাহতের ঘটনা ঘটেনি। তবে পার্বতীপুর-সান্তাহার রুটের ওপর ট্রেনটি বিকল হয়ে লাইনে আটকে থাকায় উভয় দিক থেকে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘক্ষণ আটকে থাকায় গরমে শিশু, নারী ও বৃদ্ধসহ গন্তব্যমুখী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে রেলওয়ের সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ, টেকনিক্যাল টিম এবং ওয়েম্যানরা ঘটনাস্থলে পৌঁছান। তারা ক্ষতিগ্রস্ত বগির স্প্রিং পর্যবেক্ষণ করে জরুরি মেরামত কাজ শুরু করেন। মেরামতের কাজ শেষ হলে ট্রেনটি প্রায় তিন ঘণ্টা পর ধীরে ধীরে দুপুর ১১টা ৫৩ মিনিটের দিকে জয়পুরহাট স্টেশনে নিরাপদে আনা হয়। এরপর লাইনটিকে ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়।

দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের এই প্রধান রুটে ব্যাপক শিডিউল বিপর্যয় দেখা দেয়। বিপরীত দিক থেকে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনটি সকাল পৌনে ১০টায় জয়পুরহাট স্টেশনে পৌঁছে আটকা পড়ে।

ট্রেনের পরিচালক ছানোয়ার হোসেন জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত টের পাওয়ায় একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন। আকস্মিক এই দুর্ঘটনার কারণে জয়পুরহাট, সান্তাহার, পার্বতীপুর ও ফুলবাড়িসহ বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে এবং দূরপাল্লার যাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়।

ঘটনার পরপরই উদ্ধারের জন্য খবর দেওয়া হলে সান্তাহার জংশন স্টেশন থেকে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত স্প্রিংটি সাময়িক মেরামত করে ট্রেনটিকে জয়পুরহাট রেল স্টেশনে সরিয়ে নিয়ে যায়। এতে প্রায় ৩ ঘণ্টা পর ঢাকা, খুলনা, রাজশাহী, পঞ্চগড় ও চিলাহাটি রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে জয়পুরহাট স্টেশন মাস্টার রফিক চৌধুরী বলেন, রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটির একটি বগির স্প্রিং ভেঙে যাওয়ার পর দ্রুত ওয়েম্যান পাঠিয়ে জরুরি মেরামত সম্পন্ন করা হয়েছে। এই ঘটনায় ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। তিতুমীর এক্সপ্রেস ট্রেন সকাল পৌনে ১০টায় এসে জয়পুরহাটে দীর্ঘক্ষণ আটকে ছিল। বরেন্দ্র এক্সপ্রেস স্টেশনে পৌঁছানোর পর লাইন ক্লিয়ার হয় এবং বর্তমানে পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft