রবিবার ১৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী নিশ্চিত হবে আজ
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:৩৪ এএম   (ভিজিট : ১৩)
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী ড. কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র জমা পড়েছে। গত বৃহস্পতিবার মির্জা ফখরুলের একটি এবং ড. অলির পক্ষে দুটি মনোনয়ন জমা দেওয়া হয়। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এসব মনোনয়নপত্র গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬-এর ‘নির্বাচনি কর্তা’ এএমএম নাসির উদ্দিন। আজ রোববার মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করবে ইসি।

ইসি কর্মকর্তারা জানান, ‘ঘোষণা ও বিবৃতিসহ’ মনোনীত প্রার্থীর স্বাক্ষর, প্রস্তাবক ও সমর্থকের নাম, ঠিকানা, স্বাক্ষর সংবলিত মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এর আগে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, রোববার সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে। সংসদ সচিবালয় থেকে একজন প্রতিনিধি থাকবেন। তারা প্রার্থীদের স্বাক্ষর যাচাই করবেন।

রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল: বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। স্পিকারের সঙ্গে আলোচনা করে সিইসি নাসির উদ্দিন ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬-এর তপশিল ঘোষণা করেন। তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল করার সময় ছিল গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়ন পরীক্ষা আজ রোববার সকাল ১০টা থেকে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত, স্থান নির্বাচনি কর্তার অফিস কক্ষ। ভোট গ্রহণ করা হবে আগামী বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের সংসদ কক্ষে।

ফের ভোটাভুটি: বাছাইয়ে বৈধ প্রার্থী একজন হলে নির্বাচন কমিশন তাকেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবে। তবে একাধিক বৈধ প্রার্থী থাকলে তাদের মধ্যে ভোট হবে। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় ভোট হয়েছিল। সেইবার পরাজয় জেনেও প্রার্থী দিয়েছিল বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। এরপর থেকে প্রতিবারই ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। ৩৫ বছর পর এবার দ্বিতীয়বারের মতো ভোট হচ্ছে।

এবার ভোটার ৩৪৯ জন: সংসদ কক্ষে ভোটের প্রস্তুতিমূলক সভাও হয়েছে। নির্বাচনি কর্তা আগামী বৃহস্পতিবার সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুপুর ২টায় সংসদ সদস্যের বৈঠক ডেকেছেন। সংসদের ৩০০ আসনের মধ্যে একটি আসনে প্রার্থিতা বাতিল রয়েছে। সংরক্ষিত আসনে এমপি আছেন ৫০ জন। সব মিলিয়ে ত্রয়োদশ সংসদে এবার ৩৪৯ এমপি রয়েছেন, যারা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন।

এর মধ্যে সংরক্ষিত আসন মিলিয়ে বিএনপির সংসদ্য সদস্য ২৪৭ জন; জামায়াতের ৭৭ জন। এ ছাড়া স্বতন্ত্র আটজন, এনসিপির আট, বাংলাদেশ খেলাফত মজলিসের তিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের এক, বিজেপির এক, গণসংহতি আন্দোলনের এক, গণপরিষদের এক, খেলাফত মজলিসের এক এবং জাগপার একজন সংসদ সদস্য রয়েছেন।

সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। দলের সিদ্ধান্তের বাইরে এমপিরা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। কেউ দলের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্যপদ বাতিল হবে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft