শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১২:০৫ এএম   (ভিজিট : ১১)
দেশের ক্রিকেটের উন্নয়নে আরাফাত রহমান কোকোর গুরুত্বপূর্ণ অবদান ছিল বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। তিনি বলেন, কোকো শুধু ক্রীড়া সংগঠকই ছিলেন না, বাংলাদেশের ক্রিকেটকে একাডেমিভিত্তিক ও তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

আমিনুল হক বলেন, ‘দেশের ক্রিকেট আজ যে অবস্থানে এসেছে, এর পেছনে আরাফাত রহমান কোকোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি খেলোয়াড় ছিলেন, ক্রীড়া সংগঠক ছিলেন। নিজে ওল্ড ডিওএইচএস ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে ক্রিকেটের বিকাশে কাজ করেছেন।’

কোকোর ক্রিকেট উন্নয়নের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে ‘হোম অব ক্রিকেট’ হিসেবে গড়ে তোলা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনসহ ক্রিকেটের অবকাঠামো ও খেলোয়াড় তৈরিতে কোকোর ভূমিকা ছিল। তাঁর উদ্যোগে একাডেমিভিত্তিক ক্রিকেট উন্নয়নের পাশাপাশি তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনার কাজও এগিয়ে নেওয়া হয়েছিল।

আমিনুল হক আরও বলেন, ক্রীড়া কূটনীতির মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে কোচ এনে বাংলাদেশের ক্রিকেটকে একাডেমিভিত্তিকভাবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন আরাফাত রহমান কোকো। তাঁর লক্ষ্য ছিল দেশের বিভিন্ন পর্যায়ের ক্রিকেটকে সমন্বিত করে একটি শক্তিশালী ক্রিকেট কাঠামো তৈরি করা।

কোকোর মৃত্যুর প্রসঙ্গ তিনি বলেন, অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসাধীন থাকা অবস্থায় পরিবারের সদস্যদের কাছ থেকে দূরে থেকেই তাঁকে পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছে।

অনুষ্ঠানে রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে সহমর্মিতার রাজনীতির ওপর গুরুত্ব দেন আমিনুল হক। তিনি বলেন, ‘আমরা প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। সহমর্মিতার রাজনীতির মাধ্যমে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরি করে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।’

এ সময় তিনি আরাফাত রহমান কোকোর নামে বগুড়ায় ২০ একর জমির ওপর একটি জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দেন। আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশের প্রতিবন্ধী ও প্যারা ক্রীড়াবিদদের একত্র করে এই কমপ্লেক্সের মাধ্যমে প্যারা স্পোর্টসকে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। ভবিষ্যতে এ দেশের প্যারা ক্রীড়াবিদরা এসএ গেমস, এশিয়ান গেমস ও অলিম্পিকের মতো আন্তর্জাতিক আসরে পদক এনে বাংলাদেশের গৌরব আরও বাড়াবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব হাজী মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন এমপি, ফেরদৌসী আহমেদ মিষ্টি এমপি, এবিএম আবদুর রাজ্জাক, আতাউর রহমান চেয়ারম্যান, গাজী রেজাউল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft