বাংলাদেশ কোস্ট গার্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে (বিসিজিটিটিআই) দক্ষতা উন্নয়ন, জাপানি ভাষা শিক্ষা, পেশাগত প্রস্তুতি ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ বিষয়ে ‘টুডেস ট্রেনিং, টুমোরোস জার্নি টু জাপান’ শীর্ষক সেমিনার এবং সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে ৩টি ব্যাচ প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালক (লজিস্টিকস) ক্যাপ্টেন মোহাম্মদ হাফিজুল বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাপানের ফুকুজাওয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিসের চেয়ারম্যান জুন ফুকুজাওয়া ও তার কর্মীবৃন্দ।
হাই টেক কর্পোরেশনের সিইও ইউশিদা তোমোহিরোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ প্রতিনিধি হিসেবে জাপানের চারজন অতিথি এবং জাপানি এক্সপার্ট ট্রেইনারদের একটি পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
বাংলাদেশের তরুণ কর্মীবাহিনীর দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে সরকারি প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর সহযোগিতার সম্ভাব্য গুরুত্বও তুলে ধরা হয়।
হার্টফুল লিমিটেডের মতে, বাংলাদেশ কোস্ট গার্ডের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও পেশাদারিত্ব এবং বিসিজিটিটিআই (BCGTTI)-এর প্রশিক্ষণমুখী অবকাঠামো ও যৌথ উদ্যোগ একটি দক্ষ, দায়িত্বশীল এবং কর্মসংস্থানমুখী তরুণ কর্মীবাহিনী গড়ে তুলতে অবদান রাখতে পারে।
বক্তারা জানান, আন্তর্জাতিক শ্রমবাজারে সফলতার জন্য কেবল কারিগরি প্রশিক্ষণই যথেষ্ট নয়; এর পাশাপাশি ভাষা দক্ষতা, পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা, দায়িত্ববোধ এবং জাপানি কর্মসংস্কৃতির সাথে পরিচিত হওয়া অত্যন্ত জরুরি।
হার্টফুল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুরাদ হাসান জেনিথ বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি অভিবাসনের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রত্যাশা ব্যক্ত করেন যে, আজকের এই প্রশিক্ষিত তরুণরা ভবিষ্যতে দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও জাপানের মধ্যকার সম্পর্কের সেতু বন্ধনকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ড, বিসিজিটিটিআই-এর প্রতিনিধি, হার্টফুল লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষণার্থী এবং তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
আজকালের খবর/বিএস