বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
টেকনাফে বিএনপির প্রচারণার গাড়িতে গুলি, রোহিঙ্গাসহ আহত ৫
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৯ এএম   (ভিজিট : ৫৬৮)
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে বিএনপির প্রচারণার একটি গাড়িকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিতে দুই শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন রোহিঙ্গা রয়েছেন।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের মধ্যে গুরুতর আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত রোহিঙ্গারা হলেন— কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প–২৫ এর ডি–৪ ব্লকের বাসিন্দা নুরুল হকের ছেলে মো. জিসান (১৩) এবং একই ক্যাম্পের ডি–৫ ব্লকের বাসিন্দা নূর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৭)।

স্থানীয় আহতরা হলেন— হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকার ভেক্কা মিয়ার ছেলে বাঁচা মিয়া (৪৫), আলিখালী এলাকার নুরুল ইসলামের ছেলে শাহাব উদ্দিন (১১) এবং একই এলাকার আব্দু জলিলের ১৮ মাস বয়সী মেয়ে নুসরাত জান্নাত রাফি।

স্থানীয়দের ভাষ্য, রাতের আঁধারে হঠাৎ করে দুর্বৃত্তরা বিএনপির প্রচারণার গাড়িকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গাড়ির আশপাশে অবস্থান করা শিশু ও সাধারণ মানুষ গুলিবিদ্ধ হন। ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা কাউকে চিহ্নিত করার আগেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আহতরা জানান, কোনো ধরনের পূর্ববিরোধ বা কথা কাটাকাটি ছাড়াই অজ্ঞাত দিক থেকে হঠাৎ গুলিবর্ষণ শুরু হয়। মুহূর্তের মধ্যেই তারা গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft