এবার ‘সাঁতাও’ সিনেমা দেখা যাচ্ছে আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মে আমাজন প্রাইম ভিডিওতে। বিষয়টি নিশ্চিত করে নির্মাতা খন্দকার সুমন বলেন, ‘‘সাঁতাও’ এখন অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে। এটা একটা বড় অর্জন। সিনেমাটি আমি হারাতে দেইনি। আগে দেখা যেত চলচ্চিত্র প্রেক্ষাগৃহে মুক্তির পর তা হারিয়ে যায়।
এই ওটিটি প্লাটফর্মের কারণেই এখন আমরা চলচ্চিত্রগুলো সারাজীবন জীবিত রাখতে পারি অর্থাৎ দর্শককে দেখাতে পারি। কিছুদিন আগে বায়স্কোপে যখন সিনেমাটি মুক্তি পেলো তখন খবর পেলাম বাংলাদেশের অনেক মানুষ সিনেমাটি দেখেছে। ‘সাঁতাও’ নিয়ে আমার চেষ্টা ছিল পৃথিবী জুড়ে ছড়িয়ে দেওয়ার।
তাই বিভিন্ন ওটিটি প্লাটফর্মে যোগাযোগ করি যাদের নিজস্ব কিছু দর্শক আছে। অ্যামাজন প্রাইমে প্রায় ২০০ মিলিয়ন দর্শক আছে। ছবিটি সবার মাঝে ছড়িয়ে দেয়ার আকাঙ্খা থেকেই আন্তর্জাতিক এই ওটিটি প্লাটফর্মে মুক্তি দেয়া।’
তিনি আরও বলেন, ‘চলচ্চিত্রটি আরও অনেক গুলো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মুক্তির পরিকল্পনা করেছি। সেভাবে আলাপও হয়েছে। কারণ আমি চাই সিনেমাটি অনেক দর্শক দেখুক। বাণিজ্যিক সাফল্যের চেয়ে সিনেমাটি পুরো বিশ্বে দেখানোই আমার লক্ষ্য।’
রংপুর অঞ্চলের গ্রামীণ জীবনকে উপজীব্য করে কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সার্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্ঠীর সুখ-দুঃখ, হাসি-কান্নায় আবর্তিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁতাও’। গণঅর্থায়নে সিনেমাটি নির্মাণ করেছেন খন্দকার সুমন। চলতি বছরের ২৭ জানুয়ারি সিনেমাটি মুক্তি পায়। এরপর গত অক্টোবরে ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপে মুক্তি পায়।
সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। আরও অভিনয় করেছেন সাবেরা ইয়াসমিন, তশমিতা শিমু, মিতু সরকার প্রমুখ। সিনেমাটি দেশে প্রশংসার পাশাপাশি বিদেশের চলচ্চিত্র উৎসবেও পুরস্কার পেয়েছে। এখন পর্যন্ত ‘সাঁতাও’এর ঝুলিতে যেসব সাফল্য যুক্ত হয়েছে তা হলো, ‘সাঁতাও’ চলতি বছরের ৩ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমি’-র আয়োজনে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ ‘সেরা প্রযোজনা পরিকল্পনা’ পুরস্কারে পুরস্কৃত হয়। ৫ মার্চ ভারতের কেরলা প্রদেশের ত্রিশুল শহরে অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ত্রিশুল (ইন্ডিয়া)-এর ১৮তম আসরে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।
এর আগে ছবিটি ২৩ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানওরমা বিভাগে সেরা চলচ্চিত্র পুরস্কার ‘ফিফরিসি অ্যাওয়ার্ড’ পেয়েছিল। ৬ষ্ঠ নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্যানরমা বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে গৌতম বুদ্ধ এওয়ার্ড অর্জন করে। সম্প্রতি লন্ডনে শেষ হওয়া ২৪তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রেইনবো ফিল্ম সোসাইটি স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড অর্জন করে।
আজকালের খবর/আতে