
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমিশনের সব কর্মকর্তা-কর্মচারী এবং দুর্নীতিবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের শুভেচ্ছা জানিয়েছে দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক)।
শনিবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শাফি উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক তাবারুল হক এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে র্যাক নেতারা বলেন, দুর্নীতি রাষ্ট্র ও সমাজের অগ্রগতি, ন্যায়বিচার, সুশাসন এবং জনমানুষের অধিকার প্রতিষ্ঠার অন্যতম প্রধান অন্তরায়। দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে দুদকের স্বাধীন, নিরপেক্ষ, দৃঢ় ও জবাবদিহিমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাঁরা আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে শুধু আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা যথেষ্ট নয়। জনসচেতনতা সৃষ্টি, তথ্যভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকতা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও সমানভাবে জরুরি।
র্যাক নেতারা বিশ্বাস করেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই কেবল কোনো একটি প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়; বরং এটি রাষ্ট্র, গণমাধ্যম ও নাগরিক সমাজের সম্মিলিত দায়িত্ব। সত্যনিষ্ঠ সাংবাদিকতা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার মাধ্যমেই একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
বিবৃতিতে দুদকের ২২ বছরের পথচলা আগামী দিনে আরও গতিশীল, কার্যকর ও জন-আস্থার প্রতীকে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
একই সঙ্গে দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কমিশনের প্রতিটি উদ্যোগের সফলতা কামনা করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানায় রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক)।
আজকালের খবর/কাওছার আল হাবীব