বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে প্রতিমাসে ৯ হত্যা ২২ ধর্ষণ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:৫৭ পিএম   (ভিজিট : ০)
একসময় শান্ত শহর হিসেবে পরিচিত ছিল ময়মনসিংহ। সন্ধ্যার পরও পাড়া-মহল্লার অলিগলিতে ছিল মানুষের স্বাভাবিক চলাচল, রাতেও নির্ভয়ে বাড়ি ফিরতেন নগরবাসী। কিন্তু সেই চিত্র এখন অনেকটাই বদলে গেছে। নগরীর ব্যস্ত সড়ক থেকে শুরু করে আবাসিক এলাকার নিরিবিলি গলি, কোথাও যেন নিরাপত্তার নিশ্চয়তা নেই।

বাসাবাড়ির তালা ভেঙে চুরি, জানালা ও ভেন্টিলেটরের থাই গ্লাস খুলে নিয়ে যাওয়া, দোকানপাট ও মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে নিয়মিত। যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালক কিংবা যাত্রীকে জিম্মি করে ছিনতাইয়ের অভিযোগও রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে হত্যাকাণ্ড, ধর্ষণ ও মাদকসংক্রান্ত অপরাধ।

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ময়মনসিংহ জেলায় ৯৬টি হত্যাকাণ্ড, ২২৫টি ধর্ষণ এবং ২৩৬টি চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অর্থাৎ প্রতিমাসে গড়ে ৯টি হত্যাকাণ্ড ও ২২টি করে ধর্ষণের ঘটনা ঘটছে।

একই সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ১ হাজার ২৯৬টি। এসব পরিসংখ্যান অপরাধ পরিস্থিতির ব্যাপকতা তুলে ধরলেও বিপুলসংখ্যক গ্রেফতার ও মাদক উদ্ধারের পরও জনমনে স্বস্তি ফিরছে না। বরং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রমের পাশাপাশি অপরাধের পুনরাবৃত্তি ঠেকানো এবং মাদকের সরবরাহ বন্ধ নিয়ে প্রশ্ন উঠছে।

নগরীর গাঙ্গিনারপাড়, পাটগুদাম, ব্রিজ মোড়, চরপাড়া, কাঁচিঝুলি, কৃষ্টপুর, মিন্টু কলেজ রেলক্রসিং, সানকিপাড়া, সেহড়া, বলাশপুর ও কেওয়াটখালী এলাকায় স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চুরি-ছিনতাইয়ের আতঙ্ক অনেকের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। বিশেষ করে রাতের বেলা নির্জন সড়ক, রেললাইনের পাশ এবং অলিগলিতে চলাচল করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন পথচারীরা। বাসাবাড়িতে চুরির আশঙ্কায় অনেকে বাইরে যাওয়ার আগে প্রতিবেশীদের সতর্ক করে যাচ্ছেন। কেউ কেউ মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখার পাশাপাশি বাসার নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করছেন।

স্থানীয়দের অভিযোগ, নগরীর বিভিন্ন অলিগলি, পরিত্যক্ত ভবন, রেললাইনের পাশ ও নদীর তীরবর্তী এলাকায় মাদকের আসর বসে। এসব স্থানে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের কেনাবেচা চলে। সহজলভ্যতার কারণে কিশোর ও তরুণদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকছে। মাদকের টাকা জোগাড় করতে তাদের কেউ কেউ চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে বলে দাবি স্থানীয়দের।

যাত্রীবেশে ছিনতাই, নিরাপদ নয় পথও

ময়মনসিংহ নগরের বদরের মোড়ে দুপুরবেলায় অটোরিকশার জন্য দাঁড়িয়ে ছিলেন বাসিন্দা রিফাত আহমেদ। কিছুক্ষণ পর যাত্রীসহ একটি অটোরিকশা এলে আরও তিনজনের সঙ্গে তাতে ওঠেন তিনি। কিন্তু কিছুদূর যাওয়ার পরই পরিস্থিতি বদলে যায়। অটোরিকশায় থাকা এক ব্যক্তি ছুরি বের করে তাকে সর্বস্ব দিয়ে দিতে বলে।

রিফাত আহমেদ বলেন, দুপুর ১২টায় নগরীর বদরের মোড়ে অটোরিকশার জন্য দাঁড়িয়ে ছিলাম। কিছুক্ষণ পর একজন যাত্রীসহ একটি অটোরিকশা এলে আমি আরও তিনজনের সঙ্গে তাতে উঠি। কিছু দূর যাওয়ার পর অটোরিকশায় থাকা একজন ছুরি বের করে আমাকে বলে, যা আছে সব বের কর, কোনো কথা বলবি না। ভয়ে নিজের কাছে থাকা মোবাইল ফোন, ঘড়ি ও নগদ টাকা সবকিছু তাদের দিয়ে দিই। পরে চামড়াগুদাম এলাকায় পৌঁছালে আমাকে অটোরিকশা থেকে নামিয়ে দেয়। পুলিশের কাছে যাইনি, গেলেও কোনো লাভ নেই।

রিফাতের এই অভিজ্ঞতা নগরীতে চলাচলকারী সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগের চিত্র তুলে ধরে। বিশেষ করে গণপরিবহনের বিকল্প হিসেবে ব্যবহৃত অটোরিকশায় যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অপরিচিত যাত্রীর সঙ্গে একই গাড়িতে ওঠা কিংবা নির্জন সড়কে অটোরিকশায় চলাচল নিয়েও তৈরি হচ্ছে শঙ্কা।

গ্রেফতার হাজারো, তবুও নিয়ন্ত্রণের বাইরে অপরাধ

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত জেলায় সংঘটিত ৯৬টি হত্যাকাণ্ডে ১১১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ২২৫টি ধর্ষণের ঘটনায় গ্রেফতার হয়েছেন ১৭৯ জন। আর ২৩৬টি চুরি-ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৫০৪ জনকে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একই সময়ে জেলার ১৪টি থানায় ১ হাজার ২৯৬টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে ৩ হাজার ৬০ জনকে। শুধু অক্টোবর মাসেই বিভিন্ন অপরাধে গ্রেফতার হয়েছেন ১ হাজার ২৭০ জন।

একই মাসে মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ৪৯ হাজার পিস ইয়াবা, ৬২০ গ্রাম হেরোইন, ২৭০ কেজি গাঁজা, ১ হাজার ৯১৭ লিটার দেশি মদ, ১ হাজার ১৫৩ বোতল বিদেশি মদ, ৩ হাজার ৯০ লিটার ওয়াশ, ১ হাজার ৫২৯ অ্যাম্পল ইনজেকশন এবং ৪ হাজার ১০৮ পিস ট্যাপেন্টাডল।

উদ্ধার হওয়া মাদকের পরিমাণ এবং গ্রেফতারের সংখ্যা পুলিশের অভিযানের ব্যাপকতা নির্দেশ করে। তবে এত অভিযান ও গ্রেফতারের পরও মাদকের বিস্তার নিয়ে নগরবাসীর উদ্বেগ কমছে না। তাদের প্রশ্ন, বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও হাজারো মানুষ গ্রেফতারের পরও কীভাবে মাদকের সরবরাহ অব্যাহত থাকছে? শুধু খুচরা বিক্রেতা বা মাদকসেবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই কি মাদকের বিস্তার বন্ধ করা সম্ভব?

নগরবাসীর মতে, মাদকের উৎস, সরবরাহকারী এবং এর পেছনে থাকা নেটওয়ার্ক চিহ্নিত করা জরুরি। একইসঙ্গে অপরাধে জড়িয়ে পড়া কিশোর-তরুণদের পুনর্বাসন ও সামাজিকভাবে সচেতন করার উদ্যোগও প্রয়োজন।

বাড়ছে আস্থার সংকট

চুরি-ছিনতাইয়ের শিকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আইনি জটিলতা, সময়ক্ষেপণ ও নানা ভোগান্তির আশঙ্কায় অনেকে থানায় গিয়ে আনুষ্ঠানিক অভিযোগ বা মামলা করতে চান না। কেউ সাধারণ ডায়রি (জিডি) করেই ক্ষান্ত হন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

ভুক্তভোগীদের অভিযোগ, অপরাধের শিকার হওয়ার পরও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে অনীহা তৈরি হচ্ছে। তাদের ধারণা, অভিযোগ করলেও চুরি হওয়া মালামাল উদ্ধার কিংবা অপরাধীদের শনাক্ত করা কঠিন। এছাড়া নিয়মিত পুলিশি টহলের ঘাটতি এবং চিহ্নিত অপরাধীদের জামিনে মুক্ত হয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে।

তবে অভিযোগ না করার প্রবণতা অপরাধের প্রকৃত চিত্র নিরূপণেও প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। কারণ অনেক ঘটনা পুলিশের আনুষ্ঠানিক পরিসংখ্যানে যুক্ত হয় না। ফলে অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করা এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে।

নাগরিক নিরাপত্তায় কঠোর পদক্ষেপের দাবি

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ময়মনসিংহ মহানগর শাখার সম্পাদক আলী ইউসুফ বলেন, ময়মনসিংহের ঐতিহ্যবাহী শান্ত পরিবেশ ফিরিয়ে আনতে অনতিবিলম্বে মাদকের মূল আস্তানাগুলো উচ্ছেদ করতে হবে। আইন প্রয়োগকারী সংস্থার কঠোর অবস্থান এবং নিয়মিত পুলিশি টহল জোরদার করা না গেলে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা ও নাগরিক দুর্ভোগ আরও বাড়বে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ময়মনসিংহ জেলা শাখার সহসভাপতি শরীফুজ্জামান টিটু বলেন, নগরীতে দিন দিন চুরি, ছিনতাই ও মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং নিয়মিত অভিযান পরিচালনা না করলে চুরি, ছিনতাই, মাদক ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধ করা কঠিন হয়ে পড়বে। জননিরাপত্তা নিশ্চিত করতে এখনই কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।

অভিযান ও নজরদারি জোরদার দাবি পুলিশের

ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, মাদক ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। শুধু আইনি পদক্ষেপের মাধ্যমে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলাও জরুরি।

তিনি বলেন, মাদকের উৎস ও সরবরাহ চক্র চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত পুলিশি টহল, সিসিটিভি নজরদারি, চুরি-ছিনতাইয়ের ঘটনায় দ্রুত তদন্ত এবং অপরাধীদের বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে নগরবাসীর প্রত্যাশা, অভিযান ও গ্রেফতারের পরিসংখ্যানের পাশাপাশি অপরাধের পুনরাবৃত্তি কমিয়ে দৃশ্যমান নিরাপত্তা নিশ্চিত করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাদকের সরবরাহ বন্ধ, চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা, অপরাধপ্রবণ এলাকায় নজরদারি এবং জনসাধারণের অভিযোগ গ্রহণে আস্থা ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অন্যথায় ঐতিহ্যবাহী শান্ত শহরের পরিচয় হারিয়ে ময়মনসিংহের নাগরিক জীবনে নিরাপত্তাহীনতা আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft