বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: সংসদে চিফ হুইপ
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:৩৬ পিএম   (ভিজিট : ০)
‘সারের ডিলার নিয়োগে অর্থের বিনিময়ে সংসদ সদস্যরা সুপারিশ করেছেন’— কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এমন অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

তিনি বলেন, এ ধরনের অভিযোগের প্রমাণ থাকলে তা কৃষিমন্ত্রীর কাছে দেওয়া উচিত। প্রমাণ না থাকলে সংসদে এমন অসত্য ও অসংসদীয় বক্তব্য এক্সপাঞ্জ করার অনুরোধ জানান তিনি।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে সারের ডিলার নিয়োগ নিয়ে হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্ন এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের জবাবের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন তিনি।

চিফ হুইপ বলেন, আমরা তো সবাই কথা বলি। কথা বলার ক্ষেত্রে আমাদের ভাষার প্রতি সংযত হওয়া উচিত। সংসদ সদস্য (হাসনাত আবদুল্লাহ) তার বক্তব্যে বলেছেন, অর্থের বিনিময়ে সংসদ সদস্যরা এটা করেছেন। এটা সঠিক তথ্য নয়। তথ্যটি একেবারেই অসত্য।

তিনি বলেন, এ ধরনের অভিযোগের কোনো প্রমাণ থাকলে সংশ্লিষ্ট সংসদ সদস্য তা মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন এবং লিখিতভাবেও দিতে পারেন। প্রমাণ না থাকলে এ ধরনের অসত্য বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার জন্য ডেপুটি স্পিকারের প্রতি অনুরোধ জানান তিনি।

সারের ডিলার নিয়োগ প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, সার একটি সংবেদনশীল পণ্য। এ বিষয়ে সংসদের সবাই একমত হয়েছিলেন যে বিগত সরকারের সময়ে নিয়োগ দেওয়া ডিলারদের বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রী যে প্রজ্ঞাপন জারি করেছেন, তাতে কোনো ভুলত্রুটি থাকলে তা নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করা যেতে পারে। প্রয়োজন হলে প্রজ্ঞাপন পরিবর্তন করে এমন ব্যবস্থা নেওয়া উচিত, যেন সবাই উপকৃত হন এবং সম্মিলিতভাবে কাজ করা সম্ভব হয়।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft