বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
জাককানইবির হলের খাবারে টিকটিকি-তেলাপোকা, একের পর এক অভিযোগেও নেই দৃশ্যমান ব্যবস্থা
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৩০ পিএম   (ভিজিট : ১১)
রাতের খাবার খেতে বসে তরকারিতে তেলাপোকা পেলেন এক শিক্ষার্থী। এর আগের দিন একই হলের খিচুড়িতে মিলেছে পোকামাকড়ের লার্ভা। কয়েক দিন আগে খাবারে তেলাপোকার বাচ্চা পাওয়ার অভিযোগও উঠেছিল। অন্য একটি হলে ভাতের মধ্যে পাওয়া গেছে সেদ্ধ টিকটিকি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) আবাসিক হলগুলোর ডাইনিংয়ে একের পর এক এমন অভিযোগ সামনে এসেছে। শুধু খাবারের উপকরণ নয়, রান্না ও পরিবেশনের পরিবেশ নিয়েও রয়েছে প্রশ্ন। এসব ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হলেও টিকটিকির ঘটনায় ডাইনিং পরিচালককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া ছাড়া অন্য অভিযোগগুলোর বিষয়ে আনুষ্ঠানিক প্রশাসনিক পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ গত সোমবার (৯ নভেম্বর) রাতে বিদ্রোহী হলের ডাইনিংয়ে পরিবেশিত তরকারিতে তেলাপোকা পাওয়ার অভিযোগ করেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন। টিউশন শেষে হলে ফিরে রুটি ও তরকারি নিয়ে কক্ষে খেতে বসেছিলেন তিনি। তখন তরকারির মধ্যে তেলাপোকাটি দেখতে পান। রাকিবের প্রশ্ন, ‘দিনশেষে ক্লান্ত শরীর নিয়ে খেতে বসে যদি আপনার প্লেটে এমন খাবার পাওয়া যায়, তাহলে আপনার অনুভূতি কেমন হবে?’

এর আগের দিন ৮ নভেম্বর সকালে একই হলের ডাইনিংয়ের খিচুড়িতে পোকামাকড়ের লার্ভা পাওয়ার অভিযোগ করেন মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী। এর আগে ২৯ অক্টোবর খাবারে তেলাপোকার বাচ্চা পাওয়ার অভিযোগ করেছিলেন ব্যবস্থাপনা বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী আমির হামজা। কয়েক দিনের ব্যবধানে একই হলের খাবারে একাধিকবার পোকামাকড় পাওয়ার অভিযোগ উঠলেও এসব বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার তথ্য পাওয়া যায়নি।

বিদ্রোহী হলের বাইরেও একই ধরনের অভিযোগ রয়েছে অগ্নিবীণা হলের ডাইনিংয়ে। গত ২৭ অক্টোবর দুপুরে ভাত খেতে গিয়ে সেদ্ধ টিকটিকি দেখতে পান শিক্ষার্থী আরেফিন তানভীর। তাঁর অভিযোগ, প্লেটের প্রায় অর্ধেক ভাত খাওয়ার পর বিষয়টি চোখে পড়ে। পরে তিনি ডাইনিং পরিচালককে জানান।

ঘটনাটি সম্পর্কে ডাইনিং পরিচালক মো. মাদুদ কবিরের দাবি, রান্নার সময় পাতিলের ঢাকনা খোলা থাকায় ওপর থেকে টিকটিকিটি ভাতের মধ্যে পড়ে থাকতে পারে। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট পাতিলের সব ভাত ফেলে দেওয়া হয়েছিল বলেও জানান তিনি। এ ঘটনায় ডাইনিং পরিচালককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হলটির প্রভোস্ট মো. হারুনুর রশিদ। তিনি জানান, ডাইনিং কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক জবাব দেয়নি। তবে এ ঘটনায় কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি।

এর এক দিন পর ২৮ অক্টোবর অগ্নিবীণা হলের ডাইনিংয়ে পরিবেশিত ডালের মধ্যে জীবন্ত তেলাপোকা পাওয়ার অভিযোগ করেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আমির হামজা। তাঁর দাবি, ডালের মধ্যে পাওয়া তেলাপোকাটি তখনো নড়াচড়া করছিল। তবে এ ঘটনা নিয়ে শিক্ষার্থী ও ডাইনিং পরিচালকের বক্তব্যে ভিন্নতা রয়েছে। ডাইনিং পরিচালকের দাবি, ওই শিক্ষার্থী ইচ্ছাকৃতভাবে খাবারে তেলাপোকা রেখেছেন। অন্যদিকে শিক্ষার্থীর বক্তব্য, নিজের খাবারের ডালের মধ্যেই তিনি জীবন্ত তেলাপোকাটি পেয়েছেন। প্রভোস্টের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় দুই পক্ষই পরস্পরকে দায়ী করছে। অভিযোগটির বিষয়ে আনুষ্ঠানিক তদন্তের চূড়ান্ত ফলাফল পাওয়া যায়নি।

খাবারে পোকামাকড় পাওয়ার অভিযোগের পাশাপাশি ডাইনিংয়ের পরিবেশেও পরিচ্ছন্নতার ঘাটতি দেখা গেছে। সরেজমিনে বিদ্রোহী হলের ডাইনিংয়ে ব্যবহৃত থালাবাসন পড়ে থাকতে দেখা যায়। একই সময়ে মেঝেতে মাছ পরিষ্কার করছিলেন কর্মচারীরা। কাঁচা মাছের ওপর উড়ছিল মাছি। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে কর্মচারীরা পানি দিয়ে জায়গাটি পরিষ্কারের চেষ্টা করেন।

এ বিষয়ে বিদ্রোহী হলের ডাইনিং পরিচালক জানান, দিনের বেলায় ডাইনিং অপরিষ্কার থাকলেও প্রতিদিন সন্ধ্যার পর পরিষ্কার করা হয়। তাঁর দাবি, মানুষের চলাচলের কারণে মেঝেতে কাদা জমতে পারে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোশাররফ হোসেন জানিয়েছেন, দায়িত্বশীল পদে থেকে এ ধরনের অব্যবস্থাপনা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি তাঁর নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একাধিক হলে খাবারের মধ্যে ক্ষতিকর প্রাণী ও পোকামাকড় পাওয়ার অভিযোগের পাশাপাশি ডাইনিংয়ের পরিচ্ছন্নতা নিয়েও প্রশ্ন উঠেছে। একটি ঘটনায় শোকজ করা হলেও অন্য অভিযোগগুলোর ক্ষেত্রে আনুষ্ঠানিক তদন্ত বা দৃশ্যমান প্রশাসনিক পদক্ষেপের তথ্য নেই। ফলে শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা যাচাই, ডাইনিং ব্যবস্থাপনার দায় নির্ধারণ এবং আবাসিক হলগুলোতে নিরাপদ খাবার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেটিই এখন দেখার বিষয়।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft