এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে সারা দেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। এবার মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ফলাফলে পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় এগিয়ে রয়েছেন ছেলেরা।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। এ সময় পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সারা দেশে ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের তুলনায় ৮ দশমিক ৫৬ শতাংশ এগিয়ে রয়েছেন ছাত্রীরা।
তবে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেছে। এবার সারা দেশে ২০ হাজার ৩৬৩ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছেন। বিপরীতে জিপিএ-৫ পেয়েছেন ১৯ হাজার ৭২১ জন ছাত্রী। সে হিসাবে জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্রীদের চেয়ে ৬৪২ জন এগিয়ে রয়েছেন ছাত্ররা।
ফলে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হারে মেয়েদের সাফল্য বেশি হলেও সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জনে এগিয়ে রয়েছেন ছেলেরা।
আজকালের খবর/বিএস