শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ আনছে জাপান
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:২৫ পিএম   (ভিজিট : ০)
আগামী পাঁচ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলার সমপরিমাণ বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। জাপানের গণমাধ্যম নিক্কেই এশিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চলতি মাসে জাপান সফরে যাওয়ার কথা রয়েছে। এ সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তার একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে প্রচারিত হতে যাওয়া যৌথ ঘোষণায় এই প্রস্তাবিত বিনিয়োগের বিষয়টি উল্লেখ থাকবে বলে ধারণা করা হচ্ছে। 

নিক্কেইর প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রস্তাবিত বিনিয়োগের মূল ক্ষেত্র হবে অটোমোবাইল (মোটরযান) ও অন্যান্য ম্যানুফ্যাকচারিং (উৎপাদনমুখী) খাত এবং জ্বালানি বিদ্যুৎকেন্দ্র বা স্থাপনা নির্মাণ।

এই বিনিয়োগ উদ্যোগের আওতায় বেশ কয়েকটি জাপানি প্রতিষ্ঠানের বাংলাদেশে কার্যক্রম শুরুর সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জাপানের খ্যাতনামা ট্রেডিং হাউস সুমিতোমো করপোরেশনসহ একাধিক পক্ষের যৌথ উদ্যোগে গড়ে ওঠা ‘বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন’ বা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠানগুলোর প্রবেশের পরিকল্পনা রয়েছে। 

বিশ্লেষকদের মতে, প্রস্তাবিত এই বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত হলে তা বাংলাদেশে জাপানি মূলধন আকর্ষণ, শিল্প উৎপাদন বৃদ্ধি, উৎপাদন খাতের বহুমুখীকরণ এবং জ্বালানি অবকাঠামো শক্তিশালীকরণের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।উল্লেখ্য, বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুভাবাপন্ন সম্পর্ক রয়েছে। অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্প খাতের প্রসারে জাপান দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার হিসেবে ভূমিকা রেখে আসছে। সূত্র : বাসস। 

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft