সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
সরাইলে কিশোরী গণধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩:৩২ পিএম   (ভিজিট : ২)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের মামলায় নাঈম (২৪) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার মোহাম্মদপুরের সাত মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ও সিপিসি-২ বসিলা, মোহাম্মদপুরের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত নাঈম ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের মোকলেছের ছেলে। তিনি এ মামলার এজাহারনামীয় দুই নম্বর আসামি।

এসআরবি সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর রাত ৯টার দিকে বাড়ি থেকে স্থানীয় বাড়িউড়া সিরাজুল উলুম মাদ্রাসার ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার পথে ওই কিশোরীকে অপহরণ করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তাকে বাড়িউড়া লাউহার খালের পাড়সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তিনজন আসামি পালাক্রমে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বাড়ির পাশের একটি স্থানে রেখে আসামিরা পালিয়ে যান বলে অভিযোগে বলা হয়েছে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠান। বর্তমানে সে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এসআরবি জানায়, গ্রেপ্তার নাঈমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।


আজকালের খবর/রাশেদুল মিলন 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft