শনিবার ● ১০ অক্টোবর ২০২৬
তুরস্কের সঙ্গে বাংলাদেশের রয়েছে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: জামায়াত আমির
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১২:০২ এএম   (ভিজিট : ০)
তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

শুক্রবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টিতে ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনটির যৌথ আয়োজক ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর)।

সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এতে বাংলাদেশের চলমান সংস্কারপ্রক্রিয়া, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন এবং বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান সম্মেলনের প্রতিপাদ্যের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশবিষয়ক গবেষণা, নীতিনির্ধারণী সংলাপ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বাংলাদেশ ও তুরস্কের সম্পর্কের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক সাম্প্রতিক সময়ের কিংবা কেবল কয়েক দশকের বিষয় নয়। তুরস্কের জনগণের সঙ্গে বাংলাদেশের রয়েছে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক। ভবিষ্যতে এ সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তুরস্কের প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা ও ইলদিরিম বেয়াজিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াসিন আকতাই এবং যুক্তরাজ্যের সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোকাররম হোসাইন। উদ্বোধনী বক্তব্য দেন ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর অধ্যাপক ড. মেহমেদ আদাক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তুরস্কের পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপি, তুরস্কের পার্লামেন্ট সদস্য মোস্তফা কায়া এমপি, বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি, ইবনে খালদুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইরফান আহমেদ, বিশিষ্ট চিকিৎসক ড. এস. এম. খালেদুজ্জামান, তুরস্কের নিউ ওয়ার্ল্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মাহমুদ গকসু, ইয়ুথ ওয়েবের চেয়ারম্যান নুরুল ইসলাম সাদ্দাম এবং তুরস্কের আনাতোলিয়ান ইয়ুথ অ্যাসোসিয়েশনের পররাষ্ট্রবিষয়ক বিভাগের প্রধান এমরুল্লাহ ডেমিরসহ অন্যরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চের (সিপিএসআর) চেয়ারম্যান ড. হাফিজুর রহমান। সমাপনী বক্তব্য দেন ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. উসমান আকগুল। সম্মেলনটি যৌথভাবে সঞ্চালনা করেন সিপিএসআরের নির্বাহী পরিচালক ড. এএসএম মাহমুদুল হাসান ও মো. মহিব্বুল্লাহ।

বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক ও কূটনীতিকদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলন বাংলাদেশবিষয়ক আন্তর্জাতিক আলোচনা সম্প্রসারণ এবং বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের নতুন সম্ভাবনা অনুসন্ধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft