শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
শিক্ষার গুণগত মানোন্নয়নে ফলাফলভিত্তিক শিক্ষাক্রমের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ পিএম   (ভিজিট : ০)
শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে ফলাফলভিত্তিক শিক্ষা (ওবিই) শিক্ষাক্রমের সঠিক বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে উপাচার্যের সম্মেলনকক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে ‘ফলাফলভিত্তিক শিক্ষাক্রমে পাঠদান ও মূল্যায়ন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, আধুনিক ও মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে ফলাফলভিত্তিক শিক্ষাক্রমের সঠিক বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচলিত পরীক্ষা ও সনদনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার উপযোগী করে তুলতে এ শিক্ষাক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাঠদান ও শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম পরিচালনা শিক্ষকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে দীর্ঘদিন ধরে প্রচলিত পদ্ধতিতে অভ্যস্ত শিক্ষকদের নতুন পদ্ধতির সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রশিক্ষণ ও কর্মশালা প্রয়োজন। এ কর্মশালার মাধ্যমে শিক্ষকরা ফলাফলভিত্তিক শিক্ষাক্রম অনুযায়ী পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন এবং এর সফল বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে উপাচার্য বলেন, এ ধরনের উদ্যোগ অন্যান্য বিভাগের জন্যও অনুকরণীয় হতে পারে। তিনি কর্মশালা আয়োজনের জন্য ইতিহাস বিভাগকে ধন্যবাদ জানান এবং কলা অনুষদের অন্যান্য বিভাগেও এ ধরনের কর্মশালা আয়োজনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। তিনি বলেন, ফলাফলভিত্তিক শিক্ষাক্রম বাস্তবায়নের মাধ্যমে ইতিহাস বিভাগের দীর্ঘদিনের ঐতিহ্য আরও সমুন্নত রাখা সম্ভব হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাস্টার প্রশিক্ষক হিসেবে অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষকদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানো প্রয়োজন।

তিনি আরও বলেন, পাঠদান ও শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রমের বিদ্যমান সীমাবদ্ধতা ও ত্রুটিবিচ্যুতি চিহ্নিত করে তা দূর করতে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিক্ষার গুণগত মান আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি কর্মশালা আয়োজনের জন্য ইতিহাস বিভাগকে ধন্যবাদ জানান এবং এর সফলতা কামনা করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশফাক হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ফলাফলভিত্তিক শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ, শিক্ষার্থীদের সঙ্গে কার্যকর যোগাযোগ এবং বিদ্যমান সীমাবদ্ধতা চিহ্নিত করে তা দূর করা জরুরি।

শিক্ষার্থীসংখ্যার তুলনায় শিক্ষক ও প্রয়োজনীয় সহযোগিতার সীমাবদ্ধতা থাকলেও সম্মিলিত উদ্যোগ এবং কলা অনুষদের সহযোগিতায় এ শিক্ষাক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের জন্য আরও মানসম্মত ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা যাবে বলেও তিনি উল্লেখ করেন।

কর্মশালায় বক্তারা আধুনিক শিক্ষাব্যবস্থায় ফলাফলভিত্তিক শিক্ষার গুরুত্ব, এর সঠিক প্রয়োগ এবং শিক্ষার্থীদের মূল্যায়নের কার্যকর পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft