নারায়ণগঞ্জের কাশীপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় আজ সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত কোস্ট গার্ড ঢাকা জোন এর ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কোস্ট গার্ড বেইস কাশীপুরে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। মেডিকেল ক্যাম্পে ৫৬৪ জন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
আজকালের খবর/বিএস