রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৫ পিএম   (ভিজিট : ৭)
ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ইউনিটটি পুনরায় চালু করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই মেরামত সম্পন্ন হওয়ায় রবিবার (১৩ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ আবার স্বাভাবিক হওয়ার আশা তৈরি হয়েছে।

আদানি পাওয়ারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার বাংলাদেশ সময় সকাল ৫টা ১৭ মিনিটে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি সফলভাবে চালুর পর সকাল সাড়ে ১১টার মধ্যে জাতীয় গ্রিডের সঙ্গে এটির সমন্বয় (সিঙ্ক্রোনাইজেশন) সম্পন্ন হয়। এর ফলে দুপুরের পর থেকেই বাংলাদেশে গোড্ডা কেন্দ্র থেকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ বাড়ানো সম্ভব হচ্ছে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর গভীর রাতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটির বয়লারে হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় তা বন্ধ হয়ে যায়। ফলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ আশঙ্কাজনকভাবে কমে যায়।

পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, ত্রুটি দেখা দেওয়ার ঠিক আগে কেন্দ্রটি থেকে বাংলাদেশে ১ হাজার ৪০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আসছিল। কিন্তু একটি ইউনিট বিকল হয়ে পড়ায় সরবরাহ কমে ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে আসে, যা দেশের বিদ্যুৎ ব্যবস্থাপনায় বাড়তি চাপ সৃষ্টি করে এবং বিভিন্ন এলাকায় লোডশেডিং বাড়িয়ে দেয়।

বিপিডিবির কর্মকর্তারা জানান, বয়লারের ত্রুটি মেরামতে শুরুতে অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু কারিগরি দল দ্রুততম সময়ে মেরামত কাজ শেষ করায় নির্ধারিত সময়ের আগেই ইউনিটটিকে উৎপাদনে ফেরানো সম্ভব হয়েছে।

উল্লেখ্য, ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট, যা বাংলাদেশের বিদ্যুৎ আমদানির অন্যতম প্রধান উৎস। আগস্টের মাঝামাঝি সময়ে কয়লা পরিবহন জটিলতায় কেন্দ্রটির উৎপাদন কিছুটা কমলেও পরবর্তীতে তা স্বাভাবিক করা হয়েছিল। বিকল ইউনিটটি পুনরায় চালু হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাড়বে এবং চলমান লোডশেডিং পরিস্থিতি থেকে স্বস্তি মিলবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft