শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
নারীদের শিক্ষায় ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২২ পিএম   (ভিজিট : ২)
নারীদের শিক্ষার আলোয় আলোকিত করার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধনকালে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। র‌্যালিটি নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

রুহুল কবির রিজভী বলেন, অনেক কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দল আজকের অবস্থানে এসেছে। জেলা, মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা অত্যন্ত যোগ্যতাসম্পন্ন। রাষ্ট্র বা কোনো প্রতিষ্ঠান পরিচালনায় নারীরাও সমানভাবে সক্ষম।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকায় এখন নির্বিঘ্নে কথা বলা ও চলাচল করা যাচ্ছে। অতীতে আফরোজা আব্বাস, সুলতানা আহমেদসহ অনেক নারী নেত্রী কারাগারে গেছেন, রিমান্ডে নেওয়া হয়েছে, নির্যাতিত হয়েছেন। বর্তমান সরকার গঠনের ক্ষেত্রে তাদের রক্ত-ঘাম রয়েছে। অতএব এই সরকারের অংশ আপনারাও।

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের নারীদের ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নারীর ক্ষমতায়নে একটি যুগান্তকারী পদক্ষেপ।

তিনি বলেন, সরকার জনগণের জন্য এবং সামাজিক সুরক্ষার জন্য কী অবদান রাখছে, আপনারা তা লক্ষ্য রাখবেন এবং জনগণকে বলবেন।

নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, আজকে তো আর নুসরাতরা খুন হয় না, রূপারা খুন হয় না, খাদিজার মতো ঘটনা ঘটে না, তারা নির্যাতনের শিকার হয় না এবং কোনো সরকারি দলের কোনো নেতাকর্মী এই ধরনের অপকর্মের সঙ্গে জড়িত নয়। এখন সেই ধরনের কোনো সংবাদ নেই। এটা সামাজিক উন্নয়ন।

তিনি বলেন, সমাজ থেকে ধর্ষণ, নারী নির্যাতন, শিশু নির্যাতনসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে জাতীয়তাবাদী মহিলা দল কাজ করবে। সরকার নারীদের নাগরিক মর্যাদা, বেঁচে থাকা ও আইনি অধিকার নিশ্চিত করবে।

নারীদের জন্য শিক্ষা ও আর্থিক স্বাবলম্বিতাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, নারীদের শিক্ষার আলোয় আলোকিত হতে হবে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে।

তিনি বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করেছিলেন। আর তাঁরই জ্যেষ্ঠ পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডিগ্রি ও অনার্স পর্যন্ত মেয়েদের পড়াশোনা অবৈতনিক করা হবে। এটা জনহিতকর এবং নারীদের ক্ষমতায়নের পদক্ষেপ।

রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের জনবান্ধব ও নারীর ক্ষমতায়নের কর্মসূচিগুলো জনগণকে বোঝানো এবং ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। অতীতে জাতীয়তাবাদী মহিলা দল যেভাবে অত্যাচার, মিথ্যা মামলা, রিমান্ড ও কারাবরণের মধ্যেও রাজপথে মিছিল করেছেন, একইভাবে এসব কর্মসূচি বাস্তবায়নে কাজ করতে হবে। এটাই আপনাদের প্রধান দায়িত্ব।

এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহাম্মেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft