বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬
৭৪০ জনকে তল্লাশি, আটক ২৭০ পুরুষ ও ৫৫ নারী
পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৭ পিএম   (ভিজিট : ৪১)
মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় ভোররাতে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৩২৫ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। বুধবার সকালে একটি অ্যাপার্টমেন্ট এলাকায় পরিচালিত এ অভিযানে মোট ৭৪০ জনকে তল্লাশি করা হয়।

অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক ৩২৫ জনের মধ্যে ২৭০ জন পুরুষ ও ৫৫ জন নারী। তাদের বয়স ১৮ থেকে ৫৬ বছরের মধ্যে। আটক ব্যক্তিরা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, নেপাল ও থাইল্যান্ডের নাগরিক। তবে এ অভিযানে কতজন বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অভিযানে জেআইএমের সদর দপ্তরের ১২৭ জন কর্মকর্তা অংশ নেন। তাদের সঙ্গে মালয়েশিয়ার শ্রম বিভাগ (জেটিকেএসএম) ও জাতীয় নিবন্ধন বিভাগের (জেপিএন) কর্মকর্তারাও ছিলেন। জনসাধারণের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিনের নজরদারি শেষে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটক বিদেশিদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি বা পাস না থাকা, অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান এবং পাসের শর্ত ভঙ্গসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আটক সবাইকে তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য লেংগেং ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে।

জেআইএম জানিয়েছে, অবৈধ অভিবাসীদের (পিএটিআই) বিরুদ্ধে দেশজুড়ে অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি বৈধ পাসের অপব্যবহার এবং অভিবাসন-সুবিধার অপব্যবহার ঠেকাতেও নজরদারি বাড়ানো হবে।

শুধু অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের বিরুদ্ধেই নয়, তাদের নিয়োগ, আশ্রয় বা অন্য কোনোভাবে সহযোগিতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে জেআইএম। বিশেষ করে নিয়োগকর্তা ও স্থাপনার মালিকদের তাদের অধীনে থাকা বিদেশি কর্মী বা বাসিন্দাদের বৈধ নথিপত্র নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

জনসাধারণের অভিযোগকে গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনার কথা জানিয়ে জেআইএম বলেছে, অবৈধ অভিবাসী কিংবা অভিবাসন আইন লঙ্ঘনের বিষয়ে তথ্য থাকলে তা আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে কর্তৃপক্ষকে জানানোর জন্য সবাইকে উৎসাহিত করা হচ্ছে।

আজকালের খবর/এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft