বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার সোনাতলায় আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ সৈকত চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, বগুড়া জেলা পরিষদ প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার সময় দলটি ১৯ দফা কর্মসূচিকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিত্তি হিসেবে সামনে নিয়ে আসে।
তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের একজন বীর যোদ্ধা এবং পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থেকে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। বিএনপির প্রতিষ্ঠার মাধ্যমে তাঁর নেতৃত্বে বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থাকে দলটির অন্যতম মূল আদর্শ হিসেবে তুলে ধরা হয়।
তিনি আরও বলেন, বিএনপির ইতিহাসে সাবেক প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকাও গুরুত্বপূর্ণ। জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি দলের নেতৃত্বে আসেন এবং দীর্ঘ সময় বিএনপির নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বে বিএনপি ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। পরবর্তীতে ২০০১ সালের নির্বাচনেও বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে।
প্রধান অতিথি আরও বলেন, খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল হাবিব রাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রতন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন রুবেল, বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব মোহন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সিজু, সহ-সভাপতি মিজানুর রহমান, তেকানি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম, মধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোমিনুর রহমান স্বপন, ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম হান্নু, জোড়গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মুকুল, পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. এম এ হান্নান বাটালু এবং দিগদাইড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মাফু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাদি ও উপজেলা জাসাসের সভাপতি উজ্জ্বল হোসেন খোকন।
এ সময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সহ-সভাপতি ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুল করিম লাজু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন রঞ্জু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওহাব হক, সাধারণ সম্পাদক রাজু, উপজেলা যুবদল নেতা সাগর আকন্দ, পৌর সমবায় দলের সভাপতি মোস্তাক আহমেদ লিটন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোহাদ্দেত হোসেন বাবুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম ও ছাত্রদল নেতা ইবনে আনাস স্বরনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বিএনপির যাত্রা শুরু হয়। দলটির প্রতিষ্ঠাতা ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
আজকালের খবর/বিএস