মাঠপর্যায়ের কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন অবকাঠামো উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২টি উপজেলায় আধুনিক অফিস ভবন ও ৬টি জেলায় অফিসার্স আবাসনের শুভ উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
উদ্বোধনী বক্তব্যে মহাপরিচালক বলেন, “মানসম্মত কর্মপরিবেশ প্রাতিষ্ঠানিক দক্ষতার পূর্বশর্ত। তবে শুধু ভৌত অবকাঠামো উন্নয়নই যথেষ্ট নয়; আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও চারিত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা জরুরি। মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের মূল স্তম্ভ।” তিনি নতুন স্থাপনাসমূহের সঠিক সংরক্ষণ ও সেবামুখী ব্যবহারের নির্দেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ের হরিপুর ও বগুড়ার ধুনট উপজেলায় ৩ তলা ভিতবিশিষ্ট আধুনিক উপজেলা কার্যালয় এবং চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, যশোর, নীলফামারী, কুড়িগ্রাম ও লক্ষ্মীপুর—এ ৬টি জেলায় জেলা কমান্ড্যান্টের জন্য দৃষ্টিনন্দন অফিসার্স আবাসন নির্মাণ করা হয়েছে।
এ উদ্যোগ তৃণমূল পর্যায়ে বাহিনীর সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় এবং সেবা কার্যক্রমকে জনমুখী করতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
আজকালের খবর/কাওছার আল হাবীব