অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে দিনাজপুর জেলার বিরামপুর অ্যাকুয়াথিম পার্কের ৮টি ঘর সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বিরামপুর পৌরশহরের মির্জাপুর এলাকায় অবস্থিত পার্কটিতে এই অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা খাতুন এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হামজাসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল। উল্লেখ্য, পার্কটির স্বত্বাধিকারী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পার্কটিতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ আসছিল। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে সেখানে অনৈতিক কার্যকলাপের বেশ কিছু আলামত মেলে। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর পার্কের ৮টি ঘর তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা খাতুন জানান, অভিযোগের সত্যতা পেয়ে পার্কটির ৮টি রুম সিলগালা করা হয়েছে। অভিযানের সময় উপস্থিত কাউকে হাতেনাতে না পাওয়া গেলেও অসামাজিক কাজের আলামত পাওয়া গেছে। ঘটনায় পার্ক কর্তৃপক্ষকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।
আজকালের খবর/কাওছার আল হাবীব