শনিবার ৮ আগস্ট ২০২৬
সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়: তিতুমীর
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১২ এএম   (ভিজিট : ১৭)
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বর্তমান সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে জনগণের কাছে যেসব উন্নয়ন প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। জনগণের প্রয়োজন বিবেচনায় প্রকল্প গ্রহণ করা হবে এবং সেগুলো জনগণের কল্যাণেই বাস্তবায়ন করা হবে।

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা ও সদর উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন।

জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. রাশেদ আল মাহমুদ আরও বলেন, অতীতে পরিকল্পনাহীনভাবে বাজেট বরাদ্দ দেওয়া হতো। বর্ষা মৌসুম এলেই প্রকল্প নেওয়া এবং মৌসুম শেষ হলেই তা শেষ হয়ে যাওয়ার যে সংস্কৃতি ছিল, সেখান থেকে বেরিয়ে আসতে হবে।

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ‘নতুন কুঁড়ি’ প্রকল্পের আওতায় এনে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিবেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে কোমলমতি শিশুদের আত্মবিকাশের পথ সংকুচিত হয়েছে। নতুন কুঁড়ি কর্মসূচির মাধ্যমে খেলাধুলা, সংগীত ও সাংস্কৃতিক চর্চাকে সম্প্রসারণ করে দেশের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি বাড়াতে ক্রীড়ার বিকাশে গুরুত্ব দিতে হবে।

বিদ্যালয়গুলোর অবকাঠামোগত সমস্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই ছাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট নেই। তাই জরুরি ভিত্তিতে প্রতিটি বিদ্যালয়ে প্রয়োজনীয় স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

ড. রাশেদ আল মাহমুদ আরও বলেন, সরকার কৃষক কার্ড চালু করেছে। মানুষের জীবন-জীবিকা ও প্রয়োজন বিবেচনায় এ কর্মসূচির পরিধি আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি, আগামী বাজেটে সৃজনশীল ও জনকল্যাণমূলক ব্যয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, সংস্কৃতি মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলে। তাই সাংস্কৃতিক চর্চার প্রসারও সরকারের অন্যতম অগ্রাধিকার।

অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম তার বক্তব্য বলেন, দেশের অর্থনীতিকে টেকসই ও সুস্থ ধারায় ফিরিয়ে আনতে সময় লাগবে। একই সঙ্গে রাজবাড়ীর প্রতিটি বিদ্যালয়ে সাংস্কৃতিক কার্যক্রম চালু এবং ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির মাধ্যমে দক্ষ খেলোয়াড় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

পরে, সদর উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রী, বাদ্যযন্ত্র ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নেন অতিথিরা। এ সময় জেলার ১৮১টি বিদ্যালয়ের মধ্যে ব্যাট, বল, ঢোল, ডুগি, হারমোনিয়াম, ন্যাপকিনসহ বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক উপকরণ বিতরণ করা হয়।

সন্ধ্যায় রাজবাড়ী পৌরসভা অডিটোরিয়ামে জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালামের সভাপতিত্বে আয়োজিত শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ড. রাশেদ আল মাহমুদ।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft