স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সরকার যেমন বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে, তেমনি নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গতকাল সোমবার (০৩ আগস্ট) রাজধানীর গুলশান সোসাইটি পার্কে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আয়োজিত গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্ট সোসাইটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় ঢাকা মহানগরীর সবুজায়ন, পরিচ্ছন্নতা এবং আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এসব উদ্যোগ সফল করতে সরকারি সংস্থার পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মীর শাহে আলম বলেন, সোসাইটিগুলোর প্রতিনিধিরা যেসব সমস্যা ও পরামর্শ তুলে ধরেছেন, সেগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। সংশ্লিষ্ট সমস্যাগুলোর বাস্তবসম্মত ও টেকসই সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি সব সমস্যার সমাধানের জন্য সকলের ধৈর্য ও সহযোগিতা কামনা করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
তিনি গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে এসব এলাকার স্যুয়ারেজ নেটওয়ার্ক পাইপলাইনের মাধ্যমে দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি)-এর সঙ্গে পর্যায়ক্রমে সংযুক্ত করার আশ্বাস দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। উন্মুক্ত আলোচনায় গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটির প্রতিনিধিরা এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং অন্যান্য নাগরিক সেবা-সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন।
রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম, গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া (দিলন), বারিধারা সোসাইটির সভাপতি সাকিফ আরিফ তাবানী, নিকেতন সোসাইটির সভাপতি ডা. মো. আবুল বাশার।
সভার প্রথমে পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) প্রযুক্তি ও আধুনিক পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।
আজকালের খবর/এমকে