মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি পেশাজীবী ও তাদের পরিবারের কল্যাণে কাজ করা সংগঠন বাংলাদেশি এক্সপ্যাটস ইন মালয়েশিয়া (বিডিএক্সপ্যাট)-এর নবগঠিত প্রতিষ্ঠাতা ও নির্বাহী কমিটির সদস্যরা বাংলাদেশ হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
গত ২৯ জুলাই অনুষ্ঠিত এ সাক্ষাতে বিডিএক্সপ্যাটের পক্ষ থেকে সংগঠনের নবনিযুক্ত উপদেষ্টা ও নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে হাইকমিশনারের পরিচয় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি সংগঠনের লক্ষ্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি পেশাজীবী ও তাদের পরিবারের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ হাইকমিশনার সংগঠনের উদ্যোগগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও ফলপ্রসূ ও কার্যকরভাবে পরিচালনার জন্য বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং ইতিবাচক সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বিডিএক্সপ্যাটের নেতারা জানান, হাইকমিশনারের মূল্যবান পরামর্শ ও উৎসাহ তাদের কার্যক্রমকে আরও গতিশীল করতে অনুপ্রেরণা জুগিয়েছে। তার দিকনির্দেশনা অনুসরণ করে সংগঠনটি অদূর ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিভিন্ন কমিউনিটিভিত্তিক কর্মসূচি ও অনুষ্ঠান আয়োজন করবে।
এসব কর্মসূচির মাধ্যমে বাংলাদেশি পেশাজীবীদের মধ্যে নেটওয়ার্কিং, পারস্পরিক সহযোগিতা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং সাংস্কৃতিক সম্প্রীতি আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।
বিডিএক্সপ্যাটের পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশনারের আন্তরিক সহযোগিতা, মূল্যবান সময় এবং ধারাবাহিক উৎসাহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য আরও কার্যকর ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হবে।
আজকালের খবর/ এমকে