বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
ডিমলায় চরাঞ্চলের অসহায় পরিবারের মাঝে হাঁস বিতরণ স্বাবলম্বিতার পথে নতুন যাত্রা
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:১০ এএম   (ভিজিট : ৪০৫)
নীলফামারীর ডিমলা উপজেলায় সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত এলাকা ও তিস্তা নদীবিধৌত চরাঞ্চলের দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে হাঁস বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচি স্থানীয় অসহায় ও ছিন্নমূল পরিবারগুলোর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই কলোনী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উত্তরাঞ্চলের সীমান্তবর্তী ৮৬টি সুবিধাবঞ্চিত এলাকা এবং নদীবিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রওশন কবির। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ে পূর্ব ছাতনাই ও খগাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তা নদীবিধৌত চরাঞ্চলের ২৩টি অসহায় পরিবারের মাঝে ১৫টি করে হাঁস বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার মোট ৮০টি পরিবারের মধ্যে একই হারে হাঁস বিতরণ করা হবে, যার মোট সংখ্যা প্রায় ১ হাজার ২০০টি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চরাঞ্চলের মানুষের জন্য হাঁস পালন একটি কার্যকর ও বাস্তবসম্মত আয়ের উৎস হতে পারে। কারণ এসব এলাকায় কৃষিকাজ প্রায়ই অনিশ্চিত হয়ে পড়ে। সে ক্ষেত্রে হাঁস পালন স্বল্প সময়ে আয়বর্ধক কার্যক্রম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

স্থানীয় উপকারভোগীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তিস্তা নদীর চরাঞ্চলে জীবিকা নির্বাহ কঠিন হওয়ায় হাঁস পালন তাদের জন্য টেকসই আয়ের পথ তৈরি করবে। তারা আশা করছেন, এই সহায়তা তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে।

প্রাণিসম্পদ বিভাগের এ উদ্যোগ চরাঞ্চলের মানুষের জীবিকা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft