সোমবার ১১ মে ২০২৬
দাম বাড়লো প্যাকেটজাত তরল দুধের
প্রকাশ: রোববার, ২৮ আগস্ট, ২০২২, ১২:৫২ পিএম   (ভিজিট : ২৩৯১)
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে দাম বৃদ্ধির তালিকায় এবার যুক্ত হলো তরল দুধ। প্যাকেটজাত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়িয়েছে প্রক্রিয়াজাতকারী বেসরকারি খাতের কোম্পানি আড়ং এন্টারপ্রাইজ, প্রাণ মিল্ক, আকিজ গ্রুপের ফার্ম ফ্রেশ এবং রংপুর ডেইরির আরডি ব্র্যান্ড। এক লিটার তরল দুধের দাম বাড়িয়ে ৯০ টাকা নির্ধারণ করেছে কোম্পানিগুলো। আধা লিটারের দুধের দাম ৪০ থেকে ৪৫ টাকা করা হয়েছে।

সরকার পরিচালিত সমবায়ভিত্তিক কোম্পানি মিল্ক ভিটা এখনও দাম বাড়ায়নি। গত জুনে এ কোম্পানি দাম বাড়িয়ে প্রতি লিটারের প্যাকেট ৮০ টাকায় নির্ধারণ করেছিল। মিল্ক ভিটার আধা লিটারের প্যাকেট বিক্রি হয় ৪৫ টাকায়। এর আগে গত মে মাসের দ্বিতীয় সপ্তাহে বেসরকারি খাতের কোম্পানি তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়িয়ে ৮০ টাকা করেছিল।

জানতে চাইলে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (মার্কেটিং) কামরুজ্জামান কামাল জানান, গোখাদ্যসহ আনুষঙ্গিক পণ্য মূল্যবৃদ্ধির কারণে খামারিদের দুধের দাম বাড়ানো হয়েছে। একইভাবে খুচরা দোকানি ও পাইকারি পর্যায়ে বিপণনকারীদের মুনাফার হারও কিছুটা বাড়ানো হয়েছে। এ কারণে দুধের দাম বাড়াতে হয়েছে।

এ ব্যাপারে মিল্ক ভিটার মহাব্যবস্থাপক (বিপণন) মো. মইনুল হক চৌধুরী বলেন, ‘গোখাদ্যের দাম বৃদ্ধিসহ বিভিন্ন কারণে খামারিদের দুধ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বিভিন্ন কম্পানি দুধের দাম বাড়াচ্ছে। কম্পানিগুলোর দুধ প্যাকেটজাত করার খরচও অনেক বেড়েছে। তবে মিল্ক ভিটা দুধের দাম বাড়ানোর এখনো সিদ্ধান্ত হয়নি। দাম বাড়লে বিজ্ঞপ্তিতে জানানো হবে। ’

এদিকে গুঁড়া দুধের দামও সম্প্রতি বেড়েছে। প্রতি কেজি ডানো এবং ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধের দাম ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদর মনিটরিং বিভাগ জানিয়েছে, গতকাল শনিবার ঢাকার বাজারে প্রতি কেজি গুঁড়া ডানো দুধ সর্বনিম্ন ৭৮০ টাকা থেকে সর্বোচ্চ ৮১০ টাকা দরে বিক্রি হয়েছে। এক সপ্তাহ আগেও যা ৭৫০ টাকা থেকে ৭৮০ টাকা দরে কেনাবেচা হয়।

আজকালের খবর/এসএইচ








Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft